সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই সনদ বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে দ্বিতীয় ধাপের কর্মসূচি ঘোষণা করেছে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ।
মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় ঢাকার পুরানা পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয় আয়োজিত সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন মহাসচিব ইউনুস আহমাদ।
ঘোষণা অনুযায়ী, ১ থেকে ৯ অক্টোবর দাবির পক্ষে গণসংযোগ করবে দলটি, ১০ অক্টোবর ঢাকাসহ বিভাগীয় শহরে গণমিছিল এবং ১২ অক্টোবর জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারক লিপি দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে ইউনুস আহমদ বলেন, হিন্দু সম্প্রদায়ের পূজা উৎসবের জন্য শুরুর দিকে তারা রাজপথের কর্মসূচিতে যাচ্ছেন না। প্রথমে তারা গণসংযোগে থাকবেন।
এসময় উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমানসহ অন্যরা।
যেসব দাবিতে ইসলামী আন্দোলনের এই আন্দোলন তার মধ্যে রয়েছে-জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী সংসদ নির্বাচন, পিআর পদ্ধতি চালু, নির্বাচনে অংশগ্রহণকারী সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা ও স্বৈরাচারী শক্তির দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
একই দাবিতে জামায়াত, ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও জাতীয় গণতান্ত্রিক পার্টিও কর্মসূচি পালন করেছে।
এসব দাবিতে গত ১৮ সেপ্টেম্বর ঢাকায় এবং ১৯ সেপ্টেম্বর দেশের সব বিভাগীয় শহরে এবং ২৬ সেপ্টেম্বর জেলা-উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে দলগুলো।


