জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে আগামী ৫ আগস্ট রাজধানী ঢাকায় গণমিছিলের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে জুলাইকে কেন্দ্র করে ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ৩৬ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিও ঘোষণা করেছে দলটি।
সোমবার দুপুরে রাজধানীর বারিধারায় জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তর কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কর্মসূচি ঘোষণা করেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
তিনি বলেন, ‘জুলাই কেবল একটি মাস নয়, এটি আধিপত্যবাদের বিরুদ্ধে হুংকার এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার এক ঐতিহাসিক অধ্যায়। জুলাইয়ের ইতিহাস ও চেতনাকে নতুন প্রজন্মের কাছে যথাযথভাবে তুলে ধরতে হবে।’
সেলিম উদ্দিন অভিযোগ করেন, ক্ষমতাসীনরা ক্ষমতায় আসার আগে জুলাইকে ঘিরে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, ক্ষমতায় এসে তার বিপরীত অবস্থান নিয়েছেন। সংবিধান সংস্কারের অঙ্গীকার বাস্তবায়ন না করে সরকার জাতীয় ঐক্যে ফাটল সৃষ্টি করেছে বলেও দাবি করেন তিনি। এ কারণে কেন্দ্রীয়ভাবে ঘোষিত জুলাইভিত্তিক কর্মসূচি সফল করতে ঢাকা মহানগর উত্তর সক্রিয় ভূমিকা পালন করবে বলে জানান তিনি।
ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে— ১-১০ জুলাই গ্রাফিতি অঙ্কন, ১১-১৬ জুলাই শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময়, ১৭-৩০ জুলাই শাহাদাতের ঘটনাস্থলে আলোচনা সভা ও চিত্র প্রদর্শনী, ২৪ জুলাই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সমাবেশ, ৩১ জুলাই মসজিদে মসজিদে শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মাহফিল, ১-৪ আগস্ট ওলামা, শ্রমিক ও মহিলা সমাবেশ এবং ৫ আগস্ট জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রাজধানীতে গণমিছিল।


