পারিবারিক কলহ ও সম্পত্তি আত্মসাতের লোভে তিন হাজার টাকায় ভাড়াটে খুনি এনে ঘুমন্ত বড় ভাই ফারুক শেখকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে রাজবাড়ী জেলা পুলিশ।
রাজবাড়ীর গোয়ালন্দে চাঞ্চল্যকর ফারুক শেখ (৪৬) হত্যাকাণ্ডের রহস্য ২৪ ঘণ্টার মধ্যে উদ্ঘাটন করে মূল পরিকল্পনাকারী আপন ছোট ভাই বারেক শেখসহ (৪৪) তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত ২২ আগস্ট দুপুরে গোয়ালন্দ পৌরসভার জামতলা এলাকায় নিজ ঘরের শয়নকক্ষে ঘুমন্ত অবস্থায় ফারুককে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার পর দিন নিহতের বাবা মো. খালেক শেখ (৭০) বাদী হয়ে গোয়ালন্দঘাট থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন।
রোববার বিকাল ৫টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শামসুল হক জানান, মামলার পর গোয়ালন্দঘাট থানা ও জেলা গোয়েন্দা শাখার যৌথ তদন্ত দল অনুসন্ধানে নেমে বারেক শেখকে আটক করে।
জিজ্ঞাসাবাদে বারেক জানান, পারিবারিক বিরোধ, মায়ের ওপর অত্যাচার এবং ফারুকের সম্পত্তি আত্মসাৎ করতে তিনি এই হত্যাকাণ্ডের পরিকল্পনা করেন। এজন্য সহকর্মী আলমগীর হোসেন ওরফে আলম (২৬) ও মো. রুবেল শেখকে (৩০) তিন হাজার টাকার বিনিময়ে ফারুককে হত্যার দায়িত্ব দেওয়া হয়।
পরিকল্পনা অনুযায়ী ২২ আগস্ট দুপুরে আলমগীর ও রুবেল বারেকের বাড়িতে এলে তিনি তাদের হাতে দুটি ধারালো দা তুলে দিয়ে বাইরে চলে যান। পরে আসামিরা ঘরে ঢুকে ঘুমন্ত ফারুককে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।
পরে বারেকের দেওয়া তথ্যে দৌলতদিয়া থেকে আলমগীর ও রুবেলকে গ্রেপ্তার করা হয়। তাদের স্বীকারোক্তি অনুযায়ী ঘটনাস্থলের পাশের ময়লার স্তূপ থেকে রক্তমাখা দুটি ধারালো দা, রক্তমাখা পোশাক, ব্যবহৃত মোবাইল ফোন ও মাস্ক উদ্ধার করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, গ্রেপ্তার তিন আসামিকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার জন্য পাঠানো হয়েছে। ঘটনায় আর কারও ইন্ধন বা সম্পৃক্ততা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।


