দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও নয়জনের মৃত্যু হয়েছে। এ সময়ে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন এক হাজার ২২৮ জন। এ ছাড়া গত একদিনে সারাদেশে নিশ্চিতভাবে ১১৩ জনের দেহে হাম শনাক্ত হয়েছে।
শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে এ পরিসংখ্যান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য সেবা বিভাগের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র।
স্বাস্থ্য অধিদপ্তরের বরাতে ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৮৮ হাজার ৪১ জনে ও নিশ্চিতভাবে হাম শনাক্ত রোগীর সংখ্যা ২১ হাজার ২১২ জন।
এ পর্যন্ত সন্দেহজনক হামে মোট মৃত্যুর সংখ্যা ৯৯৫ জন এবং নিশ্চিত হামে মৃতের সংখ্যা ১০১ জন। এ ছাড়া হাম ও উপসর্গে হাসপাতালে ভর্তি মোট রোগীর সংখ্যা এক লাখ ৬৬ হাজার ৩১০ জন এবং এর মধ্যে এক লাক্ষ ৫৯ হাজার ৫১৯ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
গত ২৪ ঘণ্টায় মৃত্যু হওয়া সন্দেহজনক নয়জন হাম রোগীর মধ্যে সবচেয়ে বেশি মারা গেছেন ঢাকা বিভাগে চারজন। এ ছাড়া সিলেট বিভাগে দুইজন, চট্টগ্রাম বিভাগে দুইজন এবং ময়মনসিংহ বিভাগে একজনের মৃত্যু হয়েছে।
একই সময়ে ঢাকা বিভাগে নতুন করে সর্বোচ্চ ৩৭৮ জন সন্দেহজনক ও ৬৪ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন। অন্য বিভাগগুলোর মধ্যে চট্টগ্রামে ৩১৩ জন, সিলেটে ১৫৩ জন, বরিশালে ১২৭ জন, ময়মনসিংহে ৯৮ জন, খুলনায় ৯৩ জন, রংপুরে ৩৬ জন এবং রাজশাহী বিভাগে ৩০ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হন।
জাতীয় হাম-রুবেলা টিকাদান কর্মসূচি ২০২৬ এর আওতায় সারাদেশের আটটি বিভাগে এক কোটি ৯৯ লাখ ২০ হাজার ৯০১ জন লক্ষ্যমাত্রার বিপরীতে এ পর্যন্ত এক কোটি ৮০ লাখ ১৫ হাজার ৬৪ জনকে টিকা দেওয়া সম্ভব হয়েছে, যার অর্জিত কাভারেজ ১১০ দশমিক ৬ শতাংশ।
দেশের ১২টি সিটি কর্পোরেশনে মোট ১৯ লাখ পাঁচ হাজার ৯৫০ জনের লক্ষ্যমাত্রার বিপরীতে ২০ লাখ ৯২ হাজার ৬৭৫ জন টিকা দেওয়া হয়েছে, যেখানে কাভারেজের হার ১০৯ দশমিক ৮ শতাংশ।


