চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে হারিয়ে ২০০২ সালের পর প্রথমবারের মতো শেষ ষোলোতে প্যারাগুয়ে। ঐতিহাসিক এই সাফল্য উদযাপনে মঙ্গলবার সারাদেশে জাতীয় ছুটি ঘোষণা করেছেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় পেনা লেখেন, ‘প্যারাগুয়ে কখনো হার মানে না! সরকারি ছুটি, অবশ্যই!’
প্যারাগুয়ের আইন অনুযায়ী, নির্বাহী বিভাগ বছরে অতিরিক্ত তিনটি সরকারি ছুটি ঘোষণা করতে পারে। ২০১০ সালের পর ২০২৫ সালের সেপ্টেম্বরে জাতীয় দল প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করলে প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা একদিনের সরকারি ছুটি ঘোষণা করেছিলেন।
জার্মানির বিপক্ষে ম্যাচে প্রথমে জুলিও এনসিসোর গোলে এগিয়ে যায় প্যারাগুয়ে। পরে কাই হাভার্টজ গোল করে জার্মানিকে সমতায় ফেরান।
অতিরিক্ত সময়ে জার্মানির একটি গোল ভিডিও সহকারী রেফারির (ভিএআর) পর্যালোচনায় ফাউলের কারণে বাতিল হলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
টাইব্রেকারে নায়ক হয়ে ওঠেন প্যারাগুয়ের গোলরক্ষক ওর্লান্দো গিল। তিনি নির্ধারিত সময়ে ছয়টি গুরুত্বপূর্ণ সেভ করার পাশাপাশি টাইব্রেকারে দুটি পেনাল্টি ঠেকিয়ে দলকে ঐতিহাসিক জয় এনে দেন।
শেষ ষোলোতে প্যারাগুয়ের প্রতিপক্ষ হবে ফ্রান্স ও সুইডেন ম্যাচের বিজয়ী দল।


