বিগত ১৮ বছরের লুটপাট ও অব্যবস্থাপনার কারণে দেশে গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সংকট সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।
তিনি বলেন, শেখ হাসিনার আমলে নতুন কোনো গ্যাসকূপ অনুসন্ধান করা হয়নি এবং বিদ্যুৎকেন্দ্র নির্মাণে লুটপাট হয়েছে। অন্তর্বর্তী সরকারের সময়েও গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি খাতের উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।
রোববার সকালে ঝিনাইদহ শিশু কুঞ্জ স্কুল অ্যান্ড কলেজে সংবর্ধনা ও মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
রাশেদ খান বলেন, বর্তমান সরকার সংশ্লিষ্ট সবার সঙ্গে সমন্বয় করে সংকট উত্তরণের চেষ্টা করছে। সরকারের উচ্চপর্যায় থেকে সংকটের জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে। এই সংকট সরকারের একার নয়, এটি জাতীয় সংকট। সবাইকে ঐক্যবদ্ধভাবে তা মোকাবিলা করতে হবে।
জামায়াত নেতা আবু তাহেরের আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরার সুযোগ দেওয়ার বক্তব্য প্রসঙ্গে রাশেদ খান বলেন, জামায়াত বাধা না দিলেও আওয়ামী লীগ রাজনীতিতে ফেরার চেষ্টা করলে গণঅভ্যুত্থানের শক্তিগুলো বাধা দেবে।
স্থানীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি স্থানীয় নির্বাচনে একক প্রার্থী দেবে। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে বিদ্রোহী প্রার্থী হওয়ার সুযোগ কাউকে দেওয়া হবে না।
পরে রাশেদ খান ঝিনাইদহ সরকারি কেশবচন্দ্র কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও ছাত্র সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।


