ঢাকা থেকে অ্যাম্বুলেন্সে করে স্বামীর মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় স্ত্রীসহ দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও কয়েকজন।
বুধবার সকাল সাড়ে ৮টার দিকে দিকে নড়াইল ঢাকা মহাসড়কের লোহাগড়া উপজেলার বাদশার গ্যারেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন যশোরের কোতোয়ালি উপজেলার মাহিদিয়া গ্রামের ইসমাইল মোল্যার স্ত্রী জাহানারা বেগম (৫৫) এবং অ্যাম্বুলেন্সচালক লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার পূর্ব চর কলাকোপা গ্রামের আকবার হোসেন (২৮)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ইসমাইল মোল্যার মরদেহ নিয়ে একটি অ্যাম্বুলেন্স নড়াইলের দিকে আসছিল তার স্ত্রী জাহানারা বেগমসহ পরিবারের সদস্যরা। পথিমধ্যে লোহাগড়ার বাদশার গ্যারেজ নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি লোকাল বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সটির সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই জাহানারা বেগম নিহত হন।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে অ্যাম্বুলেন্সে থাকা গুরুতর আহতদের উদ্ধার করেন। পরে তাদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ দুর্ঘটনা কবলিত যান দুটিকে জব্দ করেছে এবং আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে একই পরিবারের স্বামী ও স্ত্রীর এমন আকস্মিক ও করুণ মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।


