শনিবার থেকে ক্রমাগত দাম বাড়ার পর দেশের বাজারে এবার অনেকটাই কমেছে সোনার দাম। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের সোনার দাম ভরিতে কমেছে ৯ হাজার ২১৪ টাকা। এতে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৬৮ হাজার ২১৪ টাকা।
বুধবার সকাল সাড়ে ৯টায় বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং-এর এক জরুরি সভায় সোনার এ নতুন দামের কথা জানানো হয়, যা সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
এখন নতুন নির্ধারিত দাম অনুযায়ী ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম আট হাজার ৭৪৮ টাকা কমে হয়েছে দুই লাখ ৫৬ হাজার ২৫ টাকা। ১৮ ক্যারেটের এক ভরি সোনা সাত হাজার ৫২৩ টাকা কমে নতুন দাম হয়েছে দুই লাখ ১৯ হাজার ৪৫৮ টাকা আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনায় ছয় হাজার ৫৯০ টাকা কমে হয়েছে এক লাখ ৭৯ হাজার ১৫৯ টাকা।
পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই নতুন দাম দেশের সব জুয়েলারি দোকানে কার্যকর থাকবে। তবে গয়নার বেলায় বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ মূল্য সংযোজন কর ও বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ হবে। গয়নার ডিজাইন ও মানভেদে মজুরির পরিমাণে পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে সংগঠনটি।
দেশের বাজারে সোনার দাম কমানোর পাশাপাশি কমেছে রুপার দামও। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৬৪১ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ছয় হাজার ৫৩২ টাকা। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ৬৪২ টাকা কমিয়ে ছয় হাজার ২৪০ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫২৫ টাকা কমিয়ে পাঁচ হাজার ৩৬৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৪০৪ টাকা কমিয়ে চার হাজার ২৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
চলতি বছরের জানুয়ারির শেষ দিক থেকেই দেশের বাজারে সোনার দামে অস্থিরতা বিরাজ করছে। মূলত বিশ্ববাজারের সঙ্গে তাল মিলিয়ে দেশের বাজারে সোনার দাম কমানো বা বাড়ানো হয়।
এ বছর ২৯ জানুয়ারিতে সোনার দাম ভরিতে সর্বোচ্চ ১৬ হাজার ২২৩ টাকা বেড়েছিল। এতে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম হয়েছিল ২ লাখ ৮৬ হাজার টাকা, যা এ পর্যন্ত দেশের ইতিহাসে সর্বোচ্চ।


