বাবুল রেজার পরিচালনায় নির্মিত ছবি ‘বউ জামাইয়ের লড়াই’ সেন্সর ছাড়পত্র পায়নি। হিরো আলম অভিনীত ছবিটি প্রযোজনা করেছেন আশি দশকের তারকা চিত্রনায়ক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল।
চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল বলেন, বোর্ড সম্প্রতি ছবিটি দেখেছে। বর্তমান পরিস্থিতিতে চলচ্চিত্র শিল্পকে টিকিয়ে রাখতে মানসম্মত সিনেমা প্রয়োজন। কিন্তু এ ধরনের সিনেমা এই মুহূর্তে প্রদর্শনের উপযোগী নয় বলে বোর্ড মনে করেছে। তাই ছবিটি বাতিল করা হয়েছে। প্রযোজক পুনরায় আবেদন করলে বিষয়টি আবারও বিবেচনা করা হতে পারে।
২০২১ সালের ২০ নভেম্বর ছবিটির নির্মাণকাজ শুরু হয়। ছবিতে হিরো আলম ছাড়া ও অভিনয় করেছেন মুনমুন, গাঙ্গুয়া, নুসরাত ও জারা জেরিন প্রমুখ। শুরুতে প্রযোজক হিসেবে হিরো আলমের নাম থাকলেও সাম্প্রতিক নথিতে প্রযোজক হিসেবে আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বলের নাম দেখা যাচ্ছে। বর্তমানে হিরো আলম কারাগারে থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।
অভিযোগ রয়েছে আসন্ন চলচ্চিত্র প্রযোজক সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে প্রযোজকের খাতায় নাম অন্তর্ভুক্ত করতে চেয়েছিলেন উজ্জ্বল। দীর্ঘদিন স্থগিত থাকার পর আগামী ৪ এপ্রিল নির্বাচনের তারিখ নির্ধারিত হলেও সম্প্রতি তা আবারও অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। নানা আইনি জটিলতা ও অভ্যন্তরীণ সংকটের কারণে সমিতিটি দীর্ঘদিন ধরে কার্যত নেতৃত্বশূন্য অবস্থায় রয়েছে।


