সুনামগঞ্জের দিরাই উপজেলায় পল্লী বিদ্যুতের মেইন পিলারে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১৫ কৃষকের বসতবাড়ি পুড়ে গেছে।
সোমবার রাত ৮টার দিকে উপজেলার সরমঙ্গল ইউনিয়নের জারালিয়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, রাত ৮টার দিকে পল্লী বিদ্যুতের মেইন পিলারে শর্টসার্কিট থেকে একটি বসতঘরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের কয়েকটি বাড়িতে ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তা ভয়াবহ রূপ নেয়।
অগ্নিকাণ্ডে গ্রামের ১৫ কৃষকের বসতবাড়িসহ ঘরে সংরক্ষিত ধান-চাল, সার-কীটনাশক, বীজধান, আসবাবপত্র, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত সব পরিবারই কৃষিজীবী বলে জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয়দের অভিযোগ, পল্লী বিদ্যুতের মেইন লাইন যথাযথভাবে রক্ষণাবেক্ষণ না করায় শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এ ঘটনায় দিরাই পল্লী বিদ্যুৎ অফিসের কর্মীদের দায়িত্বে অবহেলার অভিযোগও তুলেছেন তারা। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
জানা গেছে, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দিরাই উপজেলা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলের উদ্দেশে রওনা হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তবে এর আগেই স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। প্রায় আধঘণ্টার চেষ্টায় গ্রামবাসী আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল হক জানান, পল্লী বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি।


