সাতক্ষীরার শ্যামনগরে অভিযান চালিয়ে ৮৬০ কেজি শামুক জব্দ করেছে বন বিভাগের সদস্যরা। উপজেলার মুন্সিগঞ্জের হাজির মোড় থেকে বুধবার রাতে পরিত্যক্ত অবস্থায় এসব শামুক জব্দ করা হয়।
জব্দ করা শামুক বৃহস্পতিবার সকালে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের চুনা নদীতে অবমুক্ত করা হয়েছে।
বনবিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বিভিন্ন নদ-নদী থেকে কিছু মানুষ শামুক কুড়িয়ে এনে শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জের হাজির মোড় এলাকায় বিক্রি করার জন্য মজুদ করে রাখে। এখবর পেয়ে সাতক্ষীরা রেঞ্জ বনবিভাগের সদস্যরা বুধবার রাতে সেখানে অভিযান চালিয়ে শামুকগুলো জব্দ করেন। এরপর বৃহস্পতিবার সকালে সেগুলো বনবিভাগ চুনা নদীতে অবমুক্ত করেন।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. ফজলুল হক জানান, সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণে এমন অভিযান অব্যাহত থাকবে।


