শতাধিক চিত্রশিল্পীর আঁকা ছবি নিয়ে ঢাকায় শুরু হচ্ছে ‘সহনশীল রূপান্তর’ বা ‘রেজিলিয়েন্ট বিকামিং’ শীর্ষক চিত্র প্রদর্শনী।
ভূমি গ্যালারির আয়োজনে উত্তরার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন সেন্টার পয়েন্টে এই প্রদর্শনী চলবে শুক্রবার থেকে আগামী ১৩ ডিসেম্বর পর্যন্ত।
শুক্রবার সন্ধ্যা ৬টায় প্রদর্শনীর উদ্বোধন করবেন দেশবরেণ্য চিত্রশিল্পী রফিকুন নবী ও মনিরুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব করপোরেট এনামুল হক।
সোমবার বাদে প্রতিদিন দুপুর ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত পর্যন্ত প্রদর্শনীটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
২১ দিনের এ প্রদর্শনীতে বাংলাদেশের কিংবদন্তী শিল্পী শিল্পাচার্য জয়নুল আবেদিন, কামরুল হাসান, এসএম সুলতান, কাইয়ুম চৌধুরী, মোহাম্মদ কিবরিয়া ও প্রতিথযশা শিল্পী রফিকুন নবী, মনিরুল ইসলাম, হাসেম খান, আব্দুস শাকুর শাহ, বীরেন সোম, অলকেশ ঘোষ, স্বপন চৌধুরী, নাইমা হক, আহমেদ সামসুদ্দোহা, শেখ আফজাল, মোহাম্মদ ইউনুস, জামাল আহমেদ, কনকচাঁপা চাকমা, মোহাম্মদ ইকবাল, মাকসুদা ইকবাল নিপাসহ স্বনামধন্য, তরুণ ও প্রতিশ্রুতিশীল ১১৪ জন শিল্পীর শিল্পকর্ম প্রদর্শিত হবে।


