বাংলাদেশ সচিবালয়ের ৬ নম্বর ভবনে শর্ট সার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আনেন সংশ্লিষ্টরা।
মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে সচিবালয়ে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার বিষয়টি জানিয়েছেন।
তিনি জানান, সচিবালয়ের ৬ নম্বর ভবনের দ্বিতীয় তলার বাথরুমের ওপরের সিলিংয়ে আগুন লাগার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই উপস্থিত কর্মকর্তা-কর্মচারীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। অগ্নিকাণ্ডে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।


