ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ কমিটির প্রথম বৈঠক শনিবার সংসদ ভবনে অনুষ্ঠিত হয়েছে। কমিটির সভাপতি এবং বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম এর সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠকে জাতীয় সংসদের কার্যপ্রণালী-বিধির ২৫০ ও ২৫১ বিধি এবং সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।
এ ছাড়া মানিক মিয়া অ্যাভিনিউ ও নাখালপাড়ায় অবস্থিত সংসদ সদস্য ভবনের সংস্কার ও মেরামত, সিভিল, ই/এম ও কাঠের কারখানা বিভাগের কাজের অগ্রগতি, এবং শেরে-ই-বাংলা নগরে অবস্থিত এমপি হোস্টেলের ১৫৬টি অফিস কক্ষের সংস্কার বিষয়েও আলোচনা করা হয়।
সংসদ সদস্যদের জরুরি প্রয়োজনে ২৪ ঘণ্টা চিকিৎসা সেবা নিশ্চিত করতে সংসদ মেডিকেল সেন্টারে পর্যাপ্ত বিশেষজ্ঞ ডাক্তার ও মেডিকেল অফিসার পদায়নের বিষয়টি গুরুত্ব পায়।
মানিক মিয়া অ্যাভিনিউ ও নাখালপাড়ার ফ্ল্যাটগুলোতে ২৪ ঘণ্টা নিরাপত্তা জোরদার এবং সংশ্লিষ্ট ভবনগুলোর জন্য নির্ধারিত জনবল আগের নিয়ম অনুযায়ী সদস্য ভবন শাখায় পদায়নের বিষয়েও আলোচনা হয়।
বৈঠকে সংসদ সদস্যদের আবাসন ভবনের আসবাবপত্র দ্রুত তৈরি, মেরামত ও সংস্কার করে প্রস্তুত করার নির্দেশনা দেওয়া হয় এবং প্রতিটি আসবাবের গুণগত মান নিশ্চিত করতে সতর্ক থাকার কথা বলা হয়।
সংসদ অধিবেশন কক্ষের সাউন্ড সিস্টেমের সমস্যা চিহ্নিত করতে গঠিত কমিটিকে আগামী ৩ এপ্রিলের মধ্যে সুপারিশসহ প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সংসদ মেডিকেল সেন্টার আধুনিকায়নের লক্ষ্যে কার্ডিয়াক চিকিৎসার জন্য প্রয়োজনীয় ডাক্তার পদায়ন, যন্ত্রপাতি ক্রয়, আইসিইউ অ্যাম্বুলেন্স এবং লাশবাহী ফ্রিজিং গাড়ি কেনা, এবং স্বনামধন্য কোম্পানি থেকে ওষুধ কেনার সুপারিশ করা হয়।
বৈঠকে স্পিকারের স্ত্রীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয় এবং তার রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
এতে কমিটির সদস্য রকিবুল ইসলাম, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, মোহাম্মদ কয়ছর আহমেদ, মো. শহিদুল ইসলাম, নায়ার ইউসুফ আহমেদ, এস এম জাহাঙ্গীর হোসেন, মো. সাইফুল আলম এবং মো. আবুল হাসনাত অংশ নেন।
বৈঠকে প্রধান প্রকৌশলী, অতিরিক্ত প্রধান প্রকৌশলী, গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তা, সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব, সার্জেন্ট অ্যাট আর্মসসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরাও উপস্থিত ছিলেন।


