ঝিনাইদহের শৈলকুপায় দুর্গা প্রতিমা ভাঙচুরের ঘটনায় মনজের বিশ্বাস নামে একজনকে আটক করা হয়েছে। পুলিশের দাবি, তিনি মানসিক প্রতিবন্ধী।
সোমবার রাতে উপজেলার ফুলহরি হরিতলা সার্বজনীন পূজামণ্ডপে এ ঘটনা ঘটে।
মন্দির কমিটির সভাপতি বিকাশ কুমার বিশ্বাস বলেন, ‘রাত ৪টা পর্যন্ত আমাদের লোকজন সেখানে পাহারায় ছিল। এরপর মনজের বিশ্বাস এই কাজটি করেছে। সে অসুর, কার্তিক, স্বরসতিসহ ছয়টি বিগ্রহের মাথা ভেঙেছে। মঙ্গলবার সকাল ৯টার সময় আমরা এসে দেখতে পাই যে প্রতিমা ভাঙচুর করা হয়েছে।’
‘মনজের বিশ্বাস কিছুটা মানসিক প্রতিবন্ধী। যেখানে পূজা হয় সে সেখানেই যায় বলে শুনেছি। আমাদের এই মন্দিরেও সে আসে। আমাদের এখানে খাওয়া-দাওয়া করে। এখন এই ভাঙচুর তার মানসিক অস্থিরতার বহিঃপ্রকাশ, নাকি এর পেছনে রয়েছে কোনো ষড়যন্ত্র তা খতিয়ে দেখতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছি’ বলেন কমিটির সাধারণ সম্পাদক তাপশ বিশ্বাস।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, ‘সিসিটিভির ফুটেজ দেখে আমরা অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছি। এলাকায় খোঁজখবর নিয়ে জেনেছি তিনি মানসিক প্রতিবন্ধি। তবে, বিষয়টি নিয়ে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এদিকে, সিসিটিভি ফুটেজে দেখা যায়, সোমবার গভীর রাতে মনজের আলী মন্দিরে প্রবেশ করেন। মূর্তিগুলোর মাথা ভেঙে একে একে সরিয়ে নেন এবং পানিতে ডুবিয়ে ফেলেন।


