জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান চলাকালীন নারায়ণগঞ্জে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক এমপি শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশের দিন ধার্য হয়েছে। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১, এ আদেশ দেওয়ার দিন ধার্য করে।আগামী ১৪ জুলাই অভিযোগ গঠনের বিষয়ে আদেশ দেওয়া হবে।
প্রসিকিউটর আবদুস সাত্তার পালোয়ান টাইমসকে অব বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, ৫ মে অভিযোগ গঠনের বিষয়ে আদেশ দেওয়ার কথা থাকলেও সেদিন আদেশ হয়নি। এরপর আজ বুধবার আদেশ দেওয়ার নতুন দিন ধার্য করা হয়। ২৩ এপ্রিল অভিযোগ গঠনের শুনানি শেষ হয়।১৯ এপ্রিল অভিযোগ গঠনের সপক্ষে শুনানি করে প্রসিকিউশন।
প্রসিকিউশনের দাবি, জুলাই-আগস্টে গণঅভ্যুত্থান দমনে অস্ত্র হাতে নিয়ে হত্যাকাণ্ড চালিয়েছেন নারায়ণগঞ্জের সাবেক এমপি শামীম ওসমান। ছাত্র-জনতাকে হত্যার জন্য পুরো পরিকল্পনার সঙ্গে সম্পৃক্ত ছিলেন তিনি। এই সাবেক এমপি নিজেও অস্ত্র নিয়ে গুলি করেছেন। প্রসিকিউশন এ মামলায় আনা তিনটি অভিযোগ তুলে ধরে আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন করেছে।
প্রসিকিউশনের আরও দাবি করেছে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের অনুমতি নিয়ে শামীম ওসমান নিজের সশস্ত্র বাহিনী তথা এ মামলার ১১ আসামিকে সঙ্গে নিয়ে নারায়ণগঞ্জে হত্যাকাণ্ডে মেতে ওঠেন।
এ মামলায় শামীম ওসমান ছাড়াও তার ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমেরী ওসমানসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের আসামি করা হয়েছে। তবে, আসামিদের সবাই পলাতক।
প্রসিকিউশনের দাবি, ২০২৪ সালের ১৯ ও ২১ জুলাই এবং ৫ আগস্ট নারায়ণগঞ্জের ফতুল্লা, চাষাড়া ও সাইনবোর্ড এলাকায় ১০ জনকে হত্যা করা হয়। এর পরিপ্রেক্ষিতে মানবতাবিরোধী অপরাধের তিনটি অভিযোগ আনা হয়।


