মুন্সিগঞ্জে লঞ্চে শারীরিক অবস্থার অবনতি হলে ১৬১১১-এ কল করে সহায়তা চেয়েছিলেন লঞ্চের মাস্টার। কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বরে কল পেয়ে মুন্সিগঞ্জে একটি যাত্রীবাহী লঞ্চে অসুস্থ গর্ভবতী নারীকে চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে।
রোববার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, শনিবার দুপুর ১টায় এক ব্যক্তি তার অসুস্থ গর্ভবতী স্ত্রীকে নিয়ে উন্নত চিকিৎসার জন্য ‘এম ভি দোয়েল পাখি-১০’ লঞ্চে ভোলা থেকে ঢাকার উদ্দেশে রওনা হন।
লঞ্চটি রাত সাড়ে ৭টায় মুন্সিগঞ্জ লঞ্চঘাটসংলগ্ন এলাকায় পৌঁছালে রোগীর শারীরিক অবস্থার অবনতি ঘটে। এ সময় লঞ্চের মাস্টার কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বরে কল করে সহায়তা চান।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পাগলা কোস্ট গার্ড স্টেশন থেকে একটি মেডিকেল টিম দ্রুত লঞ্চে গিয়ে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেয়। পরে দ্রুত হাসপাতালে স্থানান্তরের জন্য কোস্ট গার্ডের বোটে করে রোগীকে সদরঘাটে আনা হয় এবং সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে ইজিবাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সাব্বির আলম সুজন আরও বলেন, জনসেবায় কোস্ট গার্ড সর্বদা নিয়োজিত আছে এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।


