বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় মতিঝিল থানায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় আবারও পেছাল। প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৪ সেপ্টেম্বর নতুন দিন ধার্য করেছে আদালত। এ নিয়ে মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিল ৯৭ বার পেছাল।
রোববার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ নতুন এ দিন ধার্য করেন।
এদিন মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে তদন্ত সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রতিবেদন দাখিল করতে পারেনি। পরে আদালত নতুন তারিখ নির্ধারণ করেন।
মামলা সূত্রে জানা যায়, ২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের প্রায় ৮ কোটি ১০ লাখ মার্কিন ডলার হ্যাক করে চুরি করে নেয় সাইবার অপরাধীরা। বিশ্বের অন্যতম আলোচিত এই সাইবার চুরির ঘটনায় বাংলাদেশে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়।
এ ঘটনায় ২০১৬ সালের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং বিভাগের উপপরিচালক জোবায়ের বিন হুদা বাদী হয়ে মতিঝিল থানায় মামলা করেন। মানি লন্ডারিং প্রতিরোধ আইনে দায়ের করা ওই মামলায় অজ্ঞাতনামাদের আসামি করা হয়।
মামলাটি তদন্ত করছে সিআইডি। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তদন্ত প্রতিবেদন দাখিল না হওয়ায় বারবার সময় বাড়ছে। এবারও প্রতিবেদন দাখিল না হওয়ায় আগামী ১৪ সেপ্টেম্বর নতুন তারিখ নির্ধারণ করল আদালত।


