ইউক্রেনজুড়ে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ১৮ জন নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মস্কোর একটি বড় ধরনের আক্রমণের প্রস্তুতির বিষয়ে সতর্ক করার মাত্র কয়েক দিন পরই এই হামলা চালানো হলো।
ইউক্রেনের বিমান বাহিনী মঙ্গলবার জানিয়েছে, রাতভর রাশিয়া ইউক্রেন লক্ষ্য করে ৭৩টি ক্ষেপণাস্ত্র এবং ৬৫৬টি ড্রোন উৎক্ষেপণ করেছে। তাদের প্রধান লক্ষ্য ছিল কিয়েভ, মধ্যাঞ্চলীয় শহর দিনিপ্রো এবং পূর্বাঞ্চলীয় পোলতাভা, খারকিভ ও জাপোরিঝঝিয়া। তবে ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা ৪০টি ক্ষেপণাস্ত্র এবং ৬০২টি ড্রোন ধ্বংস বা প্রতিহত করতে সক্ষম হয়েছে।
কিয়েভের মেয়র ভিটালি ক্লিচকো জানান, কিয়েভের ওপর চালানো এই ‘বড় ধরনের হামলায়’ ছয়জন নিহত এবং দুই শিশুসহ অন্তত ৬৬ জন আহত হয়েছেন। হামলার সময় শহরজুড়ে প্রচণ্ড বিস্ফোরণ ঘটে এবং বাসিন্দাদের দীর্ঘ সময় নিরাপদ আশ্রয়কেন্দ্রে অবস্থান করতে হয়।
সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে মধ্যাঞ্চলীয় দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে। সেখানকার গভর্নর ওলেক্সান্ডার গাঞ্জা জানিয়েছেন, রাশিয়ার হামলায় সেখানে শিশুসহ অন্তত ১২ জন নিহত এবং ৩৬ জন আহত হয়েছেন। এ ছাড়া, উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভ শহরে এক শিশুসহ ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
কিয়েভ থেকে আল জাজিরার সংবাদিক অড্রে ম্যাকঅ্যালপাইন জানান, সরকারের পক্ষ থেকে আগেভাগে সতর্কতা থাকায় অনেকে নিরাপদ আশ্রয়ে চলে গিয়েছিলেন। সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল ৭টা পর্যন্ত শহরের পাতাল রেল স্টেশন এবং ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্রগুলো মানুষের ভিড়ে ঠাসা ছিল।


