রাজনীতিতে ভাগ্যের বাইরে কিছু হয় না: রুমিন ফারহানা

রাজনীতিতে ভাগ্যের বাইরে কিছু হয় না: রুমিন ফারহানা
রুমিন ফারহানা।
Advertisement
Advertisement

আসন্ন নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।

ঘোষণার পর জেলা প্রশাসকের কার্যালয় থেকে বেরিয়ে রুমিন ফারহানা সাংবাদিকদের বলেন, ‘মানুষের ভালোবাসা দেখে আমি মুগ্ধ। তাদের ভালোবাসা পূরণের তৌফিক যেন আল্লাহ আমাকে দেন।’

এসময় খালেদা জিয়ার কথা স্মরণ করে রুমিন ফারহানা বলেন, ‘দলের অতি উর্ধ্বতন কিছু মানুষ গিয়েছিলেন উনার (খালেদা জিয়ার) সঙ্গে দেখা করার জন্য। উনি বলেছিলেন, রুমিনকে কেন মনোনয়ন দেওয়া হলো না? হাসপাতালে যাবার দুইদিন আগে তিনি একথা বলেছিলেন।’

রাজনীতিতে তকদির এর বাইরে কিছু হয় না উল্লেখ করে তিনি বলেন, ‘এখানে ভীষণ রকম ভাগ্য কাজ করে। আমার ভাগ্যে ঠিক সেটাই ঘটছে, যেটা আমার বাবার সঙ্গে ১৯৭৩ এর নির্বাচনে ঘটেছিল। তখন নৌকার জোয়ার ছিলো। আর কোনো দলের জোয়ার ছিল না। আমার বাবা স্বতন্ত্র জিতেছিলেন। এখন এই মুহূর্তের প্রেক্ষাপটে যেহেতু আওয়ামী লীগ নেই, বিএনপির একটা জোয়ার দেখা যাচ্ছে। সেখানে আমি আবার স্বতন্ত্র দাঁড়াচ্ছি। এটাকে ভাগ্যের খেলা ছাড়া কি বলতে পারি?’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রুমিন বলেন, ‘যদি কোনো বেইনসাফ হয়ে থাকে, সেই বিচার আমি আমার ভোটারদের হাতে ছেড়ে দিলাম। যখন দলের দুঃসময় ছিল তখন দেশনেত্রী খালেদা জিয়া নেতৃত্বে ছিলেন। তিনি আমাকে যে দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্ব আমি অক্ষরে অক্ষরে পালন করার সর্বোচ্চ চেষ্টা করেছি। আমি আমার রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাব।’

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান প্রার্থীদের উদ্দেশে বলেন, তারা যেন নির্বাচনী আচরণবিধি মেনে চলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad