শোকের ছায়ায় শুরু আন্তর্জাতিক স্কোয়াশ, প্রথম দিনেই স্বাগতিকদের হোঁচট

শোকের ছায়ায় শুরু আন্তর্জাতিক স্কোয়াশ, প্রথম দিনেই স্বাগতিকদের হোঁচট
ছবি: বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশন
Advertisement
Advertisement

আর্মি স্কোয়াশ কমপ্লেক্সের টার্ফে যখন আন্তর্জাতিক তারকাদের পায়ের আওয়াজ আর র‌্যাকেটের শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল, বাইরের পরিবেশ তখন অনেকটাই নিস্তব্ধ। ‘ভিশন ২০২৫: ড্রিম জার্নি’ স্লোগানকে সামনে রেখে বাংলাদেশে স্কোয়াশকে পুনর্জাগরণের লক্ষ্যে শুক্রবার থেকে শুরু হলো ‘১ম সিএএস আন্তর্জাতিক স্কোয়াশ ২০২৬’। তবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশজুড়ে বিরাজমান শোকাবহ পরিস্থিতির কারণে উদ্বোধনী দিনের চিত্রে ছিল ভিন্নতা। শোকের প্রতি শ্রদ্ধা জানিয়ে কোনো জাঁকজমকপূর্ণ আনুষ্ঠানিকতা ছাড়াই অত্যন্ত নিরিবিলি পরিবেশে শুরু হয়েছে এই মেগা টুর্নামেন্ট।

আনুষ্ঠানিকতার আড়ম্বর না থাকলেও ‘রাউন্ড অফ ৩২’-এর লড়াইয়ে খেলোয়াড়দের প্রতিদ্বন্দ্বিতার ঝাঁজ ছিল পুরোমাত্রায়। তবে টুর্নামেন্টের প্রথম দিনটি স্বাগতিক বাংলাদেশের জন্য খুব একটা সুখকর হয়নি। অভিজ্ঞতার অভাবে বিদেশি তারকাদের সামনে টিকতে পারেননি লাল-সবুজের প্রতিনিধিরা।

বাংলাদেশের সাইমুন শুরুতেই মিশরের কারিম বাদাইয়ের গতির কাছে পরাস্ত হন। তিনি হেরেছেন সরাসরি ০-৩ সেটে। একই পরিণতি বরণ করতে হয়েছে বাংলাদেশের রনি ও শাহাদাতকে। কুয়েতের আলতামিমির কাছে রনি এবং বেলজিয়ামের জেওরি-র কাছে শাহাদাত, উভয়েই ০-৩ সেটে ম্যাচ হাতছাড়া করেছেন। তবে কিছুটা লড়াইয়ের আভাস দিয়েছিলেন বাংলাদেশের আমিনুল। বাহরাইনের ইউসুফের বিপক্ষে একটি সেট জিতলেও শেষ পর্যন্ত ১-৩ ব্যবধানে হার মানতে হয় তাঁকে।

বিদেশি খেলোয়াড়দের দ্বৈরথে জাপানের শোটা দারুণ ক্রীড়াশৈলী দেখিয়েছেন। তিনি মিশরের ইয়াসিনকে ৩-০ গেমে হারিয়ে পরবর্তী রাউন্ড নিশ্চিত করেছেন। হংকংয়ের দুই খেলোয়াড়ের মধ্যকার লড়াইয়ে মিন হ্যাং ট্যাং ৩-১ সেটে হারিয়েছেন সতীর্থ উইলসন চ্যানকে। এছাড়া মিশরের সাইফ তামের ৩-১ সেটে কুয়েতের জাশেম ঘারিবকে এবং মালয়েশিয়ার কিয়ান সরাসরি ৩-০ সেটে মিশরের কউরিতামকে পরাজিত করেছেন।

আয়োজকরা জানিয়েছেন, আজ আনুষ্ঠানিকতা না থাকলেও শনিবার সকাল ১১টা থেকে শুরু হবে দ্বিতীয় রাউন্ডের খেলা। আর বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন। শোক আর শ্রদ্ধার মিশেলে শুরু হওয়া এই টুর্নামেন্ট আগামী কয়েক দিন ঢাকার ক্রীড়াঙ্গনে নতুন উত্তাপ ছড়াবে বলেই প্রত্যাশা সংশ্লিষ্টদের।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad