রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারির সময় রাস্তায় পড়ে গিয়ে ফকির আলমগীর (৫২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে বাস মালিক সমিতির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত ফকির আলমগীর বাসের হেল্পার হিসেবে কাজ করতেন এবং চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার আলীগঞ্জ গ্রামের মৃত কালু মিয়ার ছেলে। তিনি পরিবার নিয়ে সায়দাবাদ করাতিটোলায় থাকতেন।
নিহতের ছেলে রবিউল আওয়াল জানান, সকালে সায়দাবাদে বাস মালিক সমিতির কার্যালয়ের সামনে তার মা টুনি আক্তার খিচুড়ি বিক্রি করার সময় ঝাড়ু দেওয়াকে কেন্দ্র করে এক নারীর সঙ্গে তর্কাতর্কি হয়। একপর্যায়ে ওই নারীর ছেলে শুক্কুর এসে তার বাবার সঙ্গে হাতাহাতিতে লিপ্ত হন এবং বুকে এলোপাতাড়ি ঘুসি মারেন। পরে আলমগীর রাস্তায় পড়ে গেলে একটি ভাঙা ইটের কোনা তার মাথার ভেতরে ঢুকে যায়। উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিব জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে খিচুড়ি বিক্রেতা ও পান বিক্রেতার মধ্যে তর্কাতর্কি থেকে মারামারির ঘটনা ঘটে। এ সময় রাস্তায় পড়ে গিয়ে ওই ব্যক্তি মারা যান বলে জানা গেছে। পুলিশ ঘটনাটির বিস্তারিত তদন্ত করে দেখছে।


