রাজধানীর কদমতলীর ধোলাইপাড় এলাকায় অতিরিক্ত মদ্যপানে রনি হোসেন (৩৭) নামে এক ব্যাটারিচালিত রিকশাচালকের মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেলে মৃত রনি হোসেনের ভাই মো. রবিউল্লাহ জানান, কদমতলীর ধোলাইপাড় বাজার এলাকায় তাদের বাসা। তার বাবার নাম মো. জাকির হোসেন। রনি পেশায় ব্যাটরিচালিত রিকশাচালক ছিলেন। গত দুই বছর আগে লাইজু আক্তারকে বিয়ে করেন রনি। লাইজু অন্তঃসত্ত্বা। চলতি মাসেই তার সন্তান হওয়ার কথা রয়েছে।
রবিউল্লাহ আরও জানান, গত ১৪ অক্টোবর রাতে এক বন্ধুর বিয়ের অনুষ্ঠানে যান রনি। সেখানে অতিরিক্ত মদ পান করেন। এরপর থেকে বাসায় অসুস্থ অবস্থায় ছিল। শুক্রবার সকাল থেকে তার শারীরিক অবস্থা খারাপ হতে থাকে। এরপর দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান জানান, ধোলাইপাড় এলাকা থেকে ওই যুবককে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্বজনরা জানান, অতিরিক্ত মদপান করেছিলেন তিনি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি কদমতলি থানায় জানানো হয়েছে।


