রাঙ্গামাটি চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় যাত্রীবাহী বাস উলটে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় এ ঘটনা ঘটে।
নানিয়ারচর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসটি রাঙ্গামাটি চট্টগ্রাম সাপছড়ি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায়। এতে ওই বাসের যাত্রিরা আহত হন। পরে স্থানীয় লোকজন ও অন্যান্য গাড়ির যাত্রীরা তাদের উদ্ধার করে রাঙ্গামাটি সদর হাসপাতালে পাঠায়।
আহতদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠনো হয়েছে।
আহত যাত্রীরা জানান, তারা চট্টগ্রামে বিভিন্ন স্থানে চাকরি করেন। ঈদের ছুটি শেষে সকালে নানিয়ারচর উপজেলা থেকে একটি রিজার্ভ বাসে তারা চট্টগ্রামে ফিরছিলেন। রাঙ্গামাটির সাপছড়ি এলাকায় পৌঁছানোর পর ড্রাইভার বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় বাসটি পাহাড়ের সাথে ধাক্কা লেগে উলটে যায়।
রাঙ্গামাটি সদর হাসপাতালের আরএমও শওকত আকবর খান জানান, দুর্ঘটনায় আহত হয়ে ২০ জন হাসপাতালে আসেন। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। গুরুতর আহত অজ্ঞাতনামা এক যুবককে চট্টগ্রামে পাঠানো হয়েছে।


