রাঙামাটির জুরাছড়ি উপজেলার আহ্বায়কসহ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৮৭ জন কর্মী একত্রে পদত্যাগ করেছেন।
এক নথি থেকে তাদের পদত্যাগের বিষয়টি জানা যায়। পরে এ কথার সত্যতা নিশ্চিত করেন জুরাছড়ি উপজেলা আহ্বায়ক ও জেলা সদস্য অসীম চাকমা।
রাজনৈতিক পরিস্থিতির কারণে সম্মিলিত সিদ্ধান্তে ৮৭ কর্মী পদত্যাগ করেছে বলে জানিয়েছেন অসীম চাকমা। তিনি বলেন, ‘জুলাই আন্দোলনের আকাঙ্খা ধারণ করে নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও বাংলাদেশ বিনির্মাণের প্রত্যাশা নিয়ে আমরা জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিয়েছিলাম। কিন্তু দুঃখের বিষয়, সেই জুলাইয়ের চেতনাকে জলাঞ্জলি দিয়ে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বড় একটি রাজনৈতিক দলের সঙ্গে জোট করে এনসিপি তার স্বকীয়তা ও আদর্শ থেকে সরে সেই পুরনো রাজনৈতিক ধারায় নতুন করে বন্দোবস্ত করে।’
পদত্যাগকারীদের পক্ষে তিনি বলেন, ‘আমাদের সেই আর্দশ লালন করা আর সম্ভব হচ্ছে না। তাই আমরা সকল সাংগঠনিক কার্যক্রম স্থগিতকরণ ও বিলুপ্তি ঘোষণা করেছি।’
জুরাছড়ি উপজেলার একসাথে ৮৭ জনের পদত্যাগপত্র পেয়েছেন বলে বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি জেলা কমিটির আহ্বায়ক বিপিন জ্যোতি চাকমা।


