যশোরের শার্শা উপজেলায় দুই শিশু ও তাদের বাবার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের হত্যার পর বাবা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
মঙ্গলবার বিকালে উপজেলার চটকাপোতা দক্ষিণপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো সাবির (৫) ও আড়াই বছর বয়সী জাবির। তারা কামাল হোসেনের(৪৫) সন্তান। পুলিশ জানিয়েছে, শিশু দুটির মরদেহ ঘরের ভেতর গলায় ফাঁস দেওয়া অবস্থায় পাওয়া যায়। পরে বাড়ির উঠান থেকে কামাল হোসেনের মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কামাল হোসেনের একাধিক স্ত্রীর ঘরে মোট সাত সন্তান রয়েছে। আগের দুই স্ত্রীর সঙ্গে তার বিচ্ছেদ হয়েছে। সবশেষ স্ত্রীও পারিবারিক কলহের জেরে প্রায় এক সপ্তাহ আগে দুই সন্তানকে কামালের কাছে রেখে নড়াইলে বাবার বাড়িতে চলে যান। এরপর থেকে সাবির ও জাবির বাবার সঙ্গেই ছিল।
মঙ্গলবার বিকালে কামালের বাড়িতে শিশু দুটির মরদেহ পড়ে থাকতে দেখে বিষয়টি জানাজানি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে কামাল হোসেন দুই শিশুকে গলায় ফাঁস দিয়ে হত্যা করার পর নিজেও আত্মহত্যা করেছেন। তবে তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।


