রাজধানী ঢাকার মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
বৃহস্পতিবার সকালে হাসপাতালের দ্বিতীয় তলা থেকে তাদের গ্রেপ্তার করে ডিবি গুলশান বিভাগের একটি দল।
গ্রেপ্তার হওয়া আসামিরা হলেন–কক্সবাজার সদর উপজেলার ইলিয়াছ (৪৫) এবং রামু উপজেলার আনোয়ার ইসলাম (২৫)।
দুপুরে ডিবি গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) আ. ফ. ম আনোয়ার হোসেন খাঁন এসব তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সকালে মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালের ২য় তলায় রেডিওলজি ও প্যাথলজী বিভাগের রূপালী ব্যাংকের কালেকশন বুথের সামনে অভিযান চালানো হয়। অভিযানে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর তাদেরকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে আনা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


