তরুণ দর্শকদের কাছে জনপ্রিয় অভিনেত্রী মিম চৌধুরী। সাম্প্রতিক বছরগুলোতে বেশ কয়েকটি প্রশংসিত নাটকে অভিনয় করে দর্শকের নজর কেড়েছেন তিনি। তার সর্বশেষ নাটক ‘অচেনা বউ’ সম্প্রতি ইউটিউবে মুক্তি পেয়েছে। মুক্তির দুই দিনের মধ্যেই নাটকটি দর্শকের ইতিবাচক সাড়া পেয়েছে।
এনডি আকাশের গল্পে নাটকটি পরিচালনা করেছেন বর্ণনাথ। নাটকটিতে কাজের অভিজ্ঞতা জানিয়ে মিম বলেন, গল্পের কেন্দ্রীয় চরিত্রটি তাকে ঘিরে। এ কারণে কাজটি নিয়ে তিনি বিশেষ যত্নশীল ছিলেন।
মিম বলেন, ‘এই নাটকের মূল গল্প আমাকে ঘিরে। এ কারণে কাজটি মন দিয়ে করেছি। এর আগে বর্ণনাথ দাদার পরিচালনায় নাটকে অভিনয় করেছি। সেগুলোও ভালো সাড়া পেয়েছিল। তবে ‘অচেনা বউ’-এর গল্প আলাদা। নাটকটি দেখলেই দর্শক তা বুঝতে পারবেন।’
মিম জানান, বর্তমানে তিনি অনেক নাটকের চিত্রনাট্য পান। তবে ভালো গল্পের কাজ বেছে নেওয়ার চেষ্টা করেন। তার মতে, পারিবারিক নাটক নির্মাণের সংখ্যা বাড়ছে। এ ধরনের নাটকে আরও কাজ করতে চান তিনি।
মিম বলেন, ‘সত্যি বলতে, এখন অনেক নাটকের চিত্রনাট্য পাই। তবে ভালো গল্পের কাজ করার চেষ্টা করি। পারিবারিক নাটক নির্মাণ বাড়ছে। আমিও এ ধরনের নাটকে কাজ করতে চাই। তাই এখন এ ধরনের গল্পের দিকে মনোযোগ দিচ্ছি।’
অভিনেত্রী জানান, তার আরও কয়েকটি নাটক মুক্তির অপেক্ষায় রয়েছে। সেগুলো নিয়েও আশাবাদী তিনি।
অভিনয়ের পাশাপাশি উপস্থাপনাতেও সক্রিয় মিম। গ্লোবাল টেলিভিশনে নিয়মিত একটি সংগীতবিষয়ক অনুষ্ঠান উপস্থাপনা করেন তিনি।


