চট্টগ্রামের কর্ণফুলী চ্যানেল দিয়ে মিয়ানমারে পাচারের সময় ৪০ হাজার কেজি সিমেন্টসহ আটজনকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি কার্গো বোটও জব্দ করা হয়েছে।
শুক্রবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন কর্ণফুলী চ্যানেলের ১৫ নম্বর ঘাট এলাকায় বিশেষ অভিযান চালায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা। এ সময় সন্দেহভাজন একটি কার্গো বোটে তল্লাশি চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া প্রায় ৪০ হাজার কেজি সিমেন্ট উদ্ধার করা হয়। জব্দ করা সিমেন্টের আনুমানিক বাজারমূল্য চার লাখ টাকা।
অভিযানে সিমেন্ট পরিবহনে ব্যবহৃত বোটসহ আটজনকে আটক করা হয়।
কোস্ট গার্ডের এ কর্মকর্তা আরও জানান, জব্দ করা সিমেন্ট, পাচারকাজে ব্যবহৃত বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


