মানুষের অধিকার রক্ষার কাজ এখনো শেষ হয়নি: কামাল হোসেন

মানুষের অধিকার রক্ষার কাজ এখনো শেষ হয়নি: কামাল হোসেন
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

মানুষের অধিকার রক্ষার কাজ এখনো শেষ হয়নি বলে মন্তব্য করেছেন গণফোরামের ইমেরিটাস সভাপতি কামাল হোসেন।

তিনি বলেন, দেশে স্বাধীন বিচারব্যবস্থা, সুষ্ঠু নির্বাচন ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। ধর্ম, গোষ্ঠী, লিঙ্গ, বর্ণ কিংবা রাজনৈতিক পরিচয়ের কারণে কোনো বৈষম্য চলতে দেওয়া যাবে না।

সংবিধান দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির লিখিত বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মঙ্গলবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে ‘মানবাধিকার, গণতন্ত্র, স্বাধীন বিচার বিভাগ এবং ৭২-এর সংবিধানের মূলনীতি’ শীর্ষক এ সভার আয়োজন করে বামপন্থী রাজনীতির সমর্থক বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতি।

কামাল হোসেনের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির প্রচার সম্পাদক সানজিদ রহমান শুভ। লিখিত বক্তব্যে কামাল বলেন, বাংলাদেশের সংবিধান জাতির সংগ্রামের ফসল। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে শোষণমুক্ত ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিল দেশের মানুষ।

আরও পড়ুন

১৯৭২ সালের সংবিধানে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতাকে রাষ্ট্রের চার মূলনীতি হিসেবে গ্রহণ করা হয়। জনগণই রাষ্ট্রের সব ক্ষমতার মালিক। তিনি বলেন, ‘আমরা সবাই মিলে একটি গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলি।’

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতির সভাপতি সুব্রত চৌধুরী। তিনি বলেন, অনেক চড়াই-উতরাই পেরিয়ে সর্বশেষ জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ একটি পর্যায়ে এসেছে। এখন জাতিকে আর বিভক্ত না করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

সুব্রত চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধ, ১৯৯০-এর গণঅভ্যুত্থান এবং জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করতে হবে। জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম লক্ষ্য ছিল বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্র গঠন। সেই লক্ষ্য থেকে সরে না যাওয়ার আহ্বান জানান তিনি।

তিনি অভিযোগ করেন, মাঠপর্যায়ে বিরোধী দল মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দিতে এবং ছাত্রলীগকে ফিরিয়ে আনতে চায়। সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের ‘বাংলাদেশকে রিসেট’ করার বক্তব্যের সমালোচনা করে সুব্রত চৌধুরী বলেন, এর মধ্য দিয়ে ১৯৫২, ১৯৬২, ১৯৬৯, ১৯৭১ ও ১৯৯০ সালের ইতিহাসকে বাতিল করার কথা বলা হয়েছিল। তার অভিযোগ, ওই সময়ে দেশে মবতন্ত্র ও মৌলবাদের উত্থান ঘটেছে, যার প্রভাব এখনো মানুষকে ভোগাচ্ছে।

সরকারের বিভিন্ন ক্ষেত্রে দুর্বলতার কথা উল্লেখ করে তিনি বলেন, মৌলবাদী গোষ্ঠী বাংলাদেশে আবার মাথাচাড়া দিয়ে উঠলে জাতির ভবিষ্যৎ অন্ধকার হবে। সভায় আরও উপস্থিত ছিলেন অধ্যাপক আবু সাইয়িদ, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম মাহবুব উদ্দিন খোকন ও আইনজীবী সারা হোসেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইনজীবী হাসান তারিক চৌধুরী।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad