ভবিষ্যতে মাদ্রাসায় বলাৎকার ও অশালীন ঘটনার মতো অপরাধ রোধে সরকার কঠোর ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।
শনিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির ত্রিবার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন।
সম্মেলন শেষে তিনি সাংবাদিকদের কাছে মাদ্রাসায় বলাৎকার ও অশালীন ঘটনাকে দুঃখজনক উল্লেখ করেন। ধর্মমন্ত্রী বলেন, মাদ্রাসার মতো পবিত্র জায়গায় যেন এ ধরনের অপরাধ আর না ঘটে, সে বিষয়ে জুমার আলোচনায় মানুষকে সচেতন করতে ইমামদের নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে সারা দেশ থেকে আসা ইমামদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার সময় মন্ত্রী বলেন, কেউ যেন কোনো উসকানির মাধ্যমে দেশের ধর্মীয় সম্প্রীতি নষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
তিনি আরও বলেন, সমাজে ইমামদের বেশ গ্রহণযোগ্যতা রয়েছে। তাই জুমার খুতবায় মাদক ও সন্ত্রাসসহ সব ধরনের সামাজিক অপরাধের বিরুদ্ধে ইমামদের সোচ্চার ভূমিকা রাখতে হবে।
সম্মেলনে ইমাম সমিতির নেতারা বেতন-ভাতা বৃদ্ধিসহ তাদের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়া সরকারের কাছে তুলে ধরেন।


