মাদারীপুর সদর উপজেলায় জমি বিরোধকে কেন্দ্র করে হামলায় বাবা-ছেলেসহ তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় প্রতিপক্ষ সামচু শেখ ও তার লোকজনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।
মঙ্গলবার দুপুরে সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের সোনাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সোনাপাড়া গ্রামের আকবর ফকির (৫০) তার ফসলি জমিতে কাজ করতে গেলে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সেখানে এসে তাকে গালিগালাজ করে। এক পর্যায়ে সামচু শেখের নেতৃত্বে কয়েকজন তার ওপর হামলা চালায়। এতে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন আকবর ফকির।
তার চিৎকার শুনে এগিয়ে এলে তার ভাই মুরুদ্দিন ফকিরকেও আঘাত করা হয়। এ সময় ইলিয়াস শেখ ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করলে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।
পরে মুরুদ্দিন ফকিরের ছেলে সেলিম ফকির (৩২) বাবাকে বাঁচাতে এগিয়ে এলে তাকেও হাতুড়ি দিয়ে আঘাত করে গুরুতর জখম করা হয়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। তারা বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
আহত সেলিম ফকির বলেন, জমি দখলের উদ্দেশ্যে সামচু শেখ আগে থেকেই হুমকি দিয়ে আসছিল। তারা ভয়ে কিছু বলতে পারেননি। এদিন জমিতে কাজ করতে গেলে হামলার শিকার হন। তিনি নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি করেন।
ভুক্তভোগী আকবর ফকির বলেন, হামলার পরও প্রতিপক্ষ প্রাণনাশের হুমকি দিচ্ছে। তিনি প্রশাসনের কাছে নিরাপত্তা ও বিচার দাবি করেন।
এ বিষয়ে অভিযুক্ত সামচু শেখের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।


