‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ ছবির আইটেম গানের শুটিং এখনও চলছে। ভারতীয় আদিল শেখের কোরিওগ্রাফি করছেন গানটির। যার কারণে ইন্ডাস্ট্রিতে গুঞ্জন উঠেছে ছবিটি কী তাহলে কীভাবে মুক্তি দিবে? শুটিং শেষ করে এডিটিং করে কীভাবে সম্ভব হবে ছবির ফাইনাল ভার্সন রেডি করা? তাছাড়া ছবিটি ইতোমধ্যে সেন্সর ছাড়পত্র পেয়েছে। সেন্সরের পরে গানের শুটিং নিয়েও প্রশ্ন উঠেছে।
ছবিটির প্রযোজনা সংস্থা অবশ্য মুক্তি নিয়ে আশঙ্কা উড়িয়ে দিয়েছে। তারা বলছে, আইটেম গানের শুটিং শেষ করে সাথে সাথেই এডিট করে ফেলবো। আর যারা বলছেন সেন্সরের পরে শুটিং এ ব্যাপারেও কোনো সমস্যা নেই। কারণ আমরা নিয়ম অনুযায়ীই কাজ করছি। বোর্ড থেকে অনুমতি নিয়েই এটি করা হচ্ছে। আমরা গানটি জমা দিয়ে তখন সেন্সর থেকে চালানোর অনুমতি নিয়ে নিবো।
ঈদের ছবিটিতে অভিনয় করেছেন শাকিব খান, তাসনিয়া ফারিণ ও জ্যোতির্ময়ী কুণ্ডু।
শুরুতে শোনা গিয়েছিল, ‘প্রিন্স’ নব্বইয়ের দশকের ঢাকার আন্ডারওয়ার্ল্ডের আলোচিত গ্যাংস্টারের জীবন অবলম্বনে নির্মিত, তবে তা নাকচ করেছেন পরিচালক আবু হায়াত মাহমুদ। তার ভাষ্য, ‘প্রিন্স” কোনো নির্দিষ্ট ব্যক্তির জীবনী নয়, এটি পুরোপুরি একটি বড় বাজেটের বাণিজ্যিক সিনেমা।
এতে আরও অভিনয় করেছেন রাশেদ মামুন অপু, ইন্তেখাব দিনার, ডা. এজাজ, শরীফ সিরাজসহ একঝাঁক অভিনয়শিল্পী। বাংলাদেশ, শ্রীলঙ্কা ছাড়াও ছবির শুটিং হয়েছে ভারতে।


