বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার হওয়ার জন্য আগামী ২৭ ডিসেম্বর আবেদন করবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ।
সোমবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।
সালাউদ্দিন আহমেদ বলেন, ২৫ তারিখ বড়দিনের জাতীয় ছুটি, পরদিন সাপ্তাহিক ছুটি শুক্রবার। তবে নির্বাচনকালীন সময়ে শনিবার সকল নির্বাচনী অফিস খোলা থাকে। তাই ২৭ ডিসেম্বর শনিবার ভোটার হওয়ার আবেদন করা হবে। এদিন ভোটার হওয়া বা ভোটার আইডি সংক্রান্ত যা কিছু আছে, সব করবেন তারেক রহমান।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্ব সরকারের। নির্বাচন চলাকালীন সময়ে নির্বাচন কমিশন যেভাবে চাইবে সেভাবে কর্মকর্তাদের নিয়োগ বদলি সংক্রান্ত এখতিয়ার থাকে। কিন্তু প্রাথমিকভাবে সবকিছু সরকারের দায়িত্ব।
নির্বাচনী সুষ্ঠ পরিবেশ কামনা করে তিনি বলেন, ‘সরকারকে আমরা আহ্বান জানিয়েছি এবং জনগণও চায় এবার উৎসবমুখর পরিবেশে স্বাধীনভাবে মুক্তভাবে ভোট দিবে। আশা করি আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রম উন্নতি হবে।’


