পাবনায় গত বছরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ে হত্যার ঘটনায় করা মামলার প্রধান আসামি আবু সাইদ চেয়ারম্যানসহ ১৩৬ জনের নামে চার্জশিট দিয়েছে পুলিশ।
মঙ্গলবার রাতে পাবনা সদর থানার পরিদর্শক (অপারেশন) ও মামলার তদন্ত কর্মকর্তা সঞ্জয় কুমার সাহা আদালতে এ চার্জশিট জমা দেন।
সঞ্জয় কুমার সাহা জানান, ‘রাতেই চার্জশিট দাখিল করা হয়েছে। এ মামলায় বিভিন্ন সময় ৩৫ জন গ্রেপ্তার হয়েছেন। অন্য আসামিরা পলাতক আছেন। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
এ বিষয়ে পাবনা জেলা জজ কোর্টের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট গোলাম সরওয়ার খান জুয়েল বলেন, ‘চার্জশিট দাখিলের খবরটি তদন্ত কর্মকর্তা নিশ্চিত করেছেন। তবে চার্জশিটের কোনো কপি বা অনুলিপি এখনো হাতে পাইনি। এ মামলার এজাহারে ১০৩ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল। তাদের মধ্যে সম্ভবত একজন মারা গিয়েছেন। তদন্তে আরও ৩৪ জনকে আসামি করা হয়েছে।’
২০২৪ সালের জুলাই আন্দোলন চলাকালে ৪ আগস্ট দুপুর ১২টার দিকে পাবনা শহরের ট্রাফিক মোড়ে ছাত্র-জনতার ওপর হামলা ও গুলির ঘটনা ঘটে। এতে পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র জাহিদুল ইসলাম (১৮) এবং সিদ্দিক মেমোরিয়াল স্কুলের নবম শ্রেণির ছাত্র মাহবুব হোসেন নিলয় (১৬) নিহত হন।
পাবনা সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আবু সাঈদসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এ হামলা ও গুলি চালান বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় ওই বছরের ১০ আগস্ট জাহিদুল ইসলামের বাবা মো. দুলাল উদ্দিন বাদী হয়ে সদর থানায় মামলা করেন। আওয়ামী নেতা আবু সাইদ এবং সদর আসনের সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্সসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মীকে এ মামলায় আসামি করা হয়।


