প্রাণিসেবায় নতুন প্রযুক্তির বিপ্লব এনেছে মোবাইল অ্যাপ- ‘ডিজিটাল খামারি’। প্রাণিসম্পদ খাতে রোগ নির্ণয়, সঠিক চিকিৎসা, টিকা দান ও তথ্য পাওয়া আরও সহজ করবে এই অ্যাপ।
বার্তা সংস্থা ইউএনবি জানায়, বাংলা ভাষায় নির্মিত এই অ্যাপ উদ্ভাবন করেছেন কৃষি বিশ্ববিদ্যালয়ের প্যারাসাইটোলজি বিভাগের অধ্যাপক ড. মো. সহিদুজ্জামান।
গুগল প্লে স্টোর থেকে ‘ডিজিটাল খামারি’ নামের অ্যাপটি বিনামূল্যে ডাউনলোড করা যাবে। এমনকি অ্যাপ ব্যবহারে ইন্টারনেটেরও প্রয়োজন নেই।
উদ্যোক্তারা জানান, শিক্ষামূলক অ্যাপটির ভাষা সহজ, ফিচারগুলো চিত্রভিত্তিক। এতে অল্প লেখাপড়া জানা খামারিরাও ছবির মাধ্যমে রোগ শনাক্ত করতে পারবেন। অ্যাপটিতে গৃহপালিত পশুপাখির রোগের লক্ষণ, প্রতিকার ও প্রতিরোধমূলক ব্যবস্থার বিস্তারিত তথ্য রয়েছে। এতে প্রতিটি রোগের সাধারণ চিকিৎসা-পরামর্শ, টিকা-সংক্রান্ত তথ্য ও পশু চিকিৎসকের সন্ধান মিলবে।
এছাড়া অ্যাপটি প্রযুক্তিগত সহায়তার মাধ্যমে খামারের সমস্যা চিহ্নিত করে এর সমাধানের পথ দেখায়। এতে প্রাণীর মৃত্যু হার কমার পাশাপাশি চিকিৎসার ব্যয় ও খামারির আর্থিক ক্ষতি হ্রাস পাবে।
অ্যাপটির নির্মাতা অধ্যাপক সহিদুজ্জামান বলেন, ‘গ্রামাঞ্চলে পশু চিকিৎসকের অভাব প্রকট। অনেক সময় দূরবর্তী হাসপাতাল পর্যন্ত পৌঁছানো সম্ভব হয় না। ডিজিটাল খামারি অ্যাপে স্থানীয় চিকিৎসকের নাম-ঠিকানাসহ যোগাযোগের তথ্যও রয়েছে, যা খামারিদের জন্য একটি বড় সুবিধা।’
‘খামারিরা এখন অ্যাপে জানতে পারেন, গরুর ওলান ফোলা কেন হয়, কৃমিজনিত রোগের লক্ষণ কী, কিংবা ল্যাম্পি স্কিনসহ বিভিন্ন রোগ হলে করণীয় কী’, যোগ করেন তিনি।
অধ্যাপক সহিদুজ্জামান জানান, ভবিষ্যতে অ্যাপটিতে লাইভ চ্যাট সাপোর্ট, ভিডিও টিউটোরিয়াল, আরও রোগভিত্তিক তথ্য, কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে রোগ নির্ণয় এবং প্রতিদিনের খামার ব্যবস্থাপনার ক্যালেন্ডার ফিচার যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
সেবাগ্রহীতার মতামতের ভিত্তিতে অ্যাপটি খামারিদের ব্যবহারবান্ধব করার চেষ্টা চলছে বলেও জানান তিনি।


