বিএনপি আওয়ামী লীগের কাছে ‘হাইজ্যাক’ হয়ে গেছে: হাসনাত

বিএনপি আওয়ামী লীগের কাছে ‘হাইজ্যাক’ হয়ে গেছে: হাসনাত
বৃহস্পতিবার বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি হলে বক্তব্য দেন হাসনাত আবদুল্লাহ | ছবি: টাইমস
Advertisement
Advertisement

বিএনপি আওয়ামী লীগের কাছে হাইজ্যাক হয়ে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

তিনি বলেছেন, ‘বিএনপি এখন সংস্কারবিরোধী অবস্থানে চলে গেছে এবং দলটি আওয়ামী লীগের দ্বারা “হাইজ্যাক” হয়েছে। যে স্বপ্ন নিয়ে বিএনপির নেতাকর্মীরা ১৭ বছর জেল-জুলুম ও নির্যাতন সহ্য করেছেন, দলটি সেই স্বপ্ন থেকে অনেক দূরে সরে গেছে।’

বৃহস্পতিবার বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি হলে এনসিপিতে এক যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জুলাই আন্দোলনে আত্মদানকারীদের আদর্শ থেকে বিএনপি বিচ্যুত হয়েছে দাবি করে তিনি বলেন, যে লক্ষ্য নিয়ে মানুষ রক্ত দিয়েছে, ক্ষমতায় আসার আবহ তৈরি হতেই বিএনপি সেই জায়গা থেকে পিছিয়ে যাচ্ছে। অনেক ত্যাগী ও মজলুম নেতাকর্মী আজ দলের কর্মকাণ্ডে হতাশ হয়ে এনসিপিতে যোগাযোগ করছেন বলেও তিনি উল্লেখ করেন।

দলে সদ্য যোগদানকারীদের স্বাগত জানিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আপনারা এমন এক সময়ে এনসিপিতে যোগ দিয়েছেন, যখন দেশে রাষ্ট্রীয়ভাবে কালবৈশাখী ঝড় চলছে। এই প্রতিকূল পরিবেশেও যারা আমাদের সঙ্গে কাজ করছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।’

আরও পড়ুন

তিনি আরও বলেন, ‘বিএনপির অসংখ্য নেতাকর্মী এখনো দেশের পক্ষে আছেন, তাদের সংগঠিত করে প্রতিটি ঘরে দাওয়াত পৌঁছে দিতে হবে।’

নারীদের রাজনীতিতে সক্রিয় করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘চট্টগ্রামে অসংখ্য নেত্রী আন্দোলনে রাজপথে ছিলেন, কিন্তু বর্তমান বাস্তবতায় তারা পিছিয়ে গেছেন। তাদের আবার নেতৃত্বে ফিরিয়ে আনতে হবে।’

ছাত্র-জনতার আন্দোলনে চট্টগ্রামের ঐতিহাসিক ও সাহসী ভূমিকার কথা স্মরণ করে তিনি বলেন, ‘যখন আন্দোলন থেমে যাওয়ার উপক্রম হয়েছিল, তখন চট্টগ্রাম থেকেই তা নতুন করে সারা দেশে ছড়িয়ে পড়েছিল।’

বক্তব্যের শেষ দিকে তিনি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের একটি প্রতিশ্রুতির কথা উল্লেখ করে বলেন, ‘আগামী ১০ বছরের মধ্যে বাংলাদেশের কাঠামোগত পরিবর্তন না হলে নাহিদ ইসলাম রাজনীতি ছেড়ে দেবেন।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad