বাগেরহাটের শরণখোলায় নিখোঁজের তিন দিন পর রাফি আকন (৯) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার দেহে আঘাতের চিহ্ন রয়েছে। সোমবার সকাল ১০টার দিকে স্থানীয়দের সাহায্যে নিজ বাড়ির পেছনের দক্ষিন আমরাগাছিয়া খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে গত শুক্রবার বিকাল ৪টার দিকে বাড়ি থেকে নিখোঁজ হয় রাফি। পরিবারের সদস্যরা নানা স্থানে খোঁজ করলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে শনিবার শরণখোলা থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছিল।
রাফি আকন বাগেরহাটের খোন্তাকাটা ইউনিয়নের দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের বাবা জসিম আকনের ছেলে। সে আমড়াগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
মোরেলগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ খাঁন বলেন, ‘প্রাথমিকভাবে আমরা ধারণা করছি এটা হত্যাকাণ্ড। শিশুটির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’ এ ছাড়া ময়নাতদন্তকারী চিকিৎসকদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনার কথাও জানান এই কর্মকর্তা।
তিনি আরও বলেন, পরিবারের অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


