বাংলাদেশ ও নেপালের কৃতি ফটোসাংবাদিকদের অসামান্য কাজের স্বীকৃতি দিতে ঢাকার ইম্পেরিয়াল হোটেল ইন্টারন্যাশনালে অনুষ্ঠিত হয়ে গেল ‘ইম্পেরিয়াল ফটো জার্নালিস্টস অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ডস ২০২৬’। শুক্রবার রাতে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারি এবং ‘দ্য নিউ নেশন’-এর ম্যানেজিং এডিটর আরশাদ হোসেন। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে নিউ এজ পত্রিকার মো. সৌরভ ও সনি রামানিসহ বাংলাদেশের ২৭ জন এবং নেপালের ১০ জন ফটো সাংবাদিককে সম্মাননা দেওয়া হয়। এ ছাড়া ফটো সাংবাদিকতায় ৫৭ বছরের গৌরবোজ্জ্বল অবদানের জন্য রয়টার্সের প্রবীণ ফটো সাংবাদিক রফিকুর রহমানকে বিশেষ সম্মাননা জানানো হয়।

প্রধান অতিথির বক্তব্যে ফারজানা শারমিন আয়োজক কমিটির চেয়ারম্যান মশিউর রহমানকে ধন্যবাদ জানিয়ে বলেন, বাংলাদেশে এ ধরনের উদ্যোগ সত্যিই নজিরবিহীন।
তিনি ভবিষ্যতে এ ধরনের আন্তর্জাতিক মানের প্রতিযোগিতার আয়োজন করতে উৎসাহিত করেন এবং সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন।
বিশেষ অতিথির বক্তব্যে আরশাদ হোসেন দ্য নিউ নেশন ও ক্রিয়া লোক-এর পক্ষ থেকে ইম্পেরিয়াল হোটেল ইন্টারন্যাশনালকে ধন্যবাদ জানান।
তিনি বলেন, ‘ফটো সাংবাদিকতা কেবল একটি পেশা নয়, এটি একটি বড় দায়িত্ব। তাদের ক্যামেরায় বন্দী প্রতিটি ফ্রেম আশা, সংগ্রাম, বেদনা এবং ঘুরে দাঁড়ানোর গল্প বলে। আমাদের ফটো সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে যেভাবে বিশ্ববাসীর সামনে সত্য তুলে ধরেন, তা সত্যিই প্রশংসনীয়।’


