ফরিদপুরে অ্যাপেন্ডিসাইটিস অপারেশনে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে অ্যাপেন্ডিসাইটিস অপারেশনে কলেজছাত্রীর মৃত্যু
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

ফরিদপুরে অ্যাপেন্ডিসাইটিস অপারেশনের পর আয়েশা আফরিন (১৭) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। চিকিৎসকের ভুল ও অবহেলার অভিযোগে স্বজনরা বিক্ষোভ করেছেন।

আয়েশা সদরপুরের আকোটের চর গ্রামের প্রবাসী লিটন মাতুব্বরের মেয়ে ও ফরিদপুর সরকারি ইয়াসিন কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

বৃহস্পতিবার বিকালে তীব্র পেটব্যথা নিয়ে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনের আল জারা প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। অ্যাপেন্ডিসাইটিস শনাক্তের পর রাত সাড়ে ১০টায় তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়।

পরিবারের অভিযোগ, অস্ত্রোপচারের পর থেকেই তার অবস্থার অবনতি ঘটে। রাত ৩টায় তাকে টেপাখোলা এলাকার রেজোয়ান মোল্লা হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। শুক্রবার সকাল সাড়ে ৮টায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আরও পড়ুন

নিহতের মা আলেয়া বেগম বলেন, ‘সুস্থ অবস্থায় মেয়েকে অপারেশনের জন্য হাসপাতালে নিয়েছিলাম। চিকিৎসকের ভুলের কারণেই তাকে হারাতে হলো। সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

স্বজনদের অভিযোগ, অপারেশনটি করেছেন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. আতিকুল আহসান। ঘটনার পর থেকে তাকে পাওয়া যাচ্ছে না। মুঠোফোনে যোগাযোগের চেষ্টায় তিনি সাড়া দেননি।

হাসপাতাল কর্তৃপক্ষ অভিযোগ অস্বীকার করেছে। তাদের ভাষ্য, চিকিৎসকের ব্যক্তিগত ভুলের কারণেই আয়েশার মৃত্যু হয়েছে।

ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান জানান, ঘটনার গুরুত্ব বিবেচনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি তদন্ত শুরু করেছে। তদন্তে কারো গাফিলতি প্রমাণিত হলে স্বাস্থ্যবিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর