নিজের ব্যক্তিগত সম্পর্ককে গোপন রাখতেই পছন্দ করেন সাদিয়া জাহান প্রভা। তবুও তার রহস্যময় ক্যাপশন, সতর্কভাবে বাছাই করা ছবি এবং আবেগঘন পোস্টগুলো বারবার তার প্রেমের জীবন নিয়ে কৌতুহল জাগিয়েছে। এবার নতুন এক ঘটনাকে কেন্দ্র করে তার বিয়ে নিয়ে আলোচনা আবার তুঙ্গে।
বিষয়টি শুধু প্রভা আবার বিয়ে করেছেন কি না, তা নিয়ে নয়; বরং গত কয়েক মাসের ঘন ঘন ভ্রমণ, মন্তব্য ও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টগুলো কোনো বড় গল্পের অংশ কি না, তা নিয়েও।

যুক্তরাষ্ট্রে দীর্ঘসময় অবস্থানসহ প্রভা প্রায়ই বিভিন্ন দেশে ভ্রমণ করেছেন। এ বছরের এপ্রিলে নিজের অনামিকায় একটি আংটি পরা ছবি শেয়ার করেন তিনি, যা তার এনগেজমেন্টের গুঞ্জন আরও জোরাল করে। পরবর্তী সময়ে অনামিকায় হীরার আংটি এবং ফুলসহ আরেকটি ছবি পোস্ট করে তিনি কৌতুহল আরও বাড়িয়ে দেন।
এর আগে জানুয়ারিতে একটি ফেসবুক লাইভ সেশনে প্রভা বিয়ে ও ডিভোর্স নিয়ে কথা বলেন। নিজের ব্যক্তিগত জীবনে অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপের প্রতিবাদ জানিয়ে তিনি জোর দিয়ে বলেন, বিয়ে সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়। তিনি আরও জানান, তার জীবনে যা ঘটার তা যথাসময়েই ঘটবে।

এরপর জুনে একটি ভিডিও বার্তায় তিনি নারীদের বিবাহিত পুরুষের প্রেমে না পড়ার পরামর্শ দেন। প্রভা সতর্কবার্তা দেন, ‘যেসব পুরুষ দাবি করেন, তারা দাম্পত্য জীবনে অসুখী বা শুধু সন্তানের কথা ভেবে স্ত্রীর সঙ্গে আছেন, তাদের কথায় বিশ্বাস করবেন না।’ বিষয়টির টাইমিং সবার নজর কাড়ে, বিশেষ করে যখন তার সঙ্গে একজন জনপ্রিয় সেলিব্রিটি কার রিভিউয়ারের প্রেমের গুঞ্জন ছড়াচ্ছিল।
প্রভার অতীত ইতিহাসের কারণে এই মন্তব্য স্বাভাবিকভাবেই আগ্রহ বাড়ায়। প্রভা ২০১০ সালের আগস্টে অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বকে বিয়ে করেন। কিন্তু ২০১১ সালে তাদের বিচ্ছেদ ঘটে। পরে তিনি মাহমুদ শান্তকে বিয়ে করেন এবং ২০১৪ সালে সেই সংসারেরও ইতি ঘটে।
অপূর্বর আগে রাজীব হাসানের সঙ্গে তার বাগদান হয়েছিল, যার ঘটনাপ্রবাহ তৎকালীন গণমাধ্যমে বেশ নাটকীয়ভাবে উঠে আসে। ২০১৯ সালের এক সাক্ষাৎকারে তিনি বিয়ের ব্যাপারে ভীত হলেও প্রেমে পড়ার কথা স্বীকার করে এক আলোচিত মন্তব্য করেছিলেন।

এরপরের পোস্টগুলো ভক্তদের মনে দ্বিধা আরও বাড়িয়ে দেয়।
জুনে নেপাল ভ্রমণের সময় প্রভার কিছু ছবি সম্পর্কের বিষয়টি নিয়ে দৃষ্টি আকর্ষণ করে। একটি ছবিতে তাকে ‘আই লাভ ইউ’ লেখা বেলুনের সামনে দেখা যায়। আর অন্য ছবিতে প্রভার হাত একজন পুরুষের হাতের দিকে বাড়িয়ে দেওয়া ছিল, যেখানে লেখা ছিল ‘আই লাভ ইউ টু’। পুরুষের পরিচয় নিয়ে প্রশ্ন ওঠার পর দ্বিতীয় ছবিটি মুছে ফেলা হয়। প্রভা অবশ্য কোনো সম্পর্কের কথা প্রকাশ্যে নিশ্চিত করেননি।
গত ৩১ জুলাই প্রভা লেখেন, ‘এখনো তোমাকে ছাড়া দিন কাটছে এবং আবার দেখা হওয়ার দিন গুনছি।’ যদিও এই ‘তুমি’ যে কে, তা তিনি প্রকাশ করেননি। এখন এসেছে সর্বশেষ এই খবর।
প্রভার ঘনিষ্ঠ ও পুরো বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্রের দাবি, আগস্টের প্রথম সপ্তাহে এই অভিনেত্রী ব্যাংকক যান এবং যুক্তরাষ্ট্রে পরিচয় হওয়া তার থেকে কম বয়সী এক যুবককে বিয়ে করেন। সূত্রের মতে, প্রভা তার প্রেমে পড়েন ও পরিবারের পক্ষ থেকে বাধা থাকা সত্ত্বেও তাকে বিয়ের সিদ্ধান্ত নেন।

সূত্রটির দাবি, আগে তাদের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে একটি ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ হয়েছিল, যার উদ্দেশ্য ছিল প্রভার মার্কিন নাগরিকত্ব বা ইমিগ্রেশন স্ট্যাটাস নিশ্চিত করে সেখানে স্থায়ী হওয়া। তবে এর আইনি রূপ বা কার্যকারিতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি টাইমস এন্টারটেইনমেন্ট।
সেই একই সূত্রের মতে, কেবল একটি বন্দোবস্ত হিসেবে শুরু হলেও পরবর্তী সময়ে এটি একটি সত্যিকারের প্রেমে রূপ নেয় এবং পরিবারের বিরোধিতা সত্ত্বে প্রভা শেষ পর্যন্ত তাকে বিয়ে করার সিদ্ধান্ত নেন।
এই তথ্যের সত্যতা নিশ্চিত হলে তা প্রভার প্রেম ও বিয়ের ক্ষেত্রে এক নতুন এবং নাটকীয় অধ্যায়ের সূচনা করবে। ৩১ জুলাইয়ের পোস্টে উল্লেখিত রহস্যময় ‘তুমি’ একই ব্যক্তি হতে পারেন বলে ওই সূত্রের দাবি।
বিষয়টি নিশ্চিত হতে ও মন্তব্য জানতে টাইমস এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে প্রভার সঙ্গে ফোন ও মেসেজে যোগাযোগ করা হলে প্রথমে তিনি কোনো সাড়া দেননি। পরে তিনি আবার ফোন করে তার বিয়ের বিষয়টি অস্বীকার করেন এবং এটিকে নিছক গুজব বলে উড়িয়ে দেন।

এদিকে ব্যাংককের বিয়ে বা যুক্তরাষ্ট্রের বন্দোবস্তের বিষয়টি টাইমস স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। তবে প্রভার সাম্প্রতিক ভ্রমণ, আংটির ছবি, রোমান্টিক পোস্ট এবং বিভিন্ন মন্তব্য প্রভার ঘনিষ্ঠ সূত্রের এই তথ্যকে সমর্থন জোগায়।
যে নারী একসময় প্রেমে পড়েও বিয়েকে ভয় পেতেন, তার ক্ষেত্রে এই মোড় সত্যিই একটি বড় পরিবর্তন। হয়ত আসল বিষয় এটি নয় যে, প্রভা তৃতীয়বারের মতো বিয়ে করেছেন কি না, বরং আসল গল্পটি হলো তিনি অবশেষে এমন একজনকে বেছে নিয়েছেন, যার জন্য তিনি লড়াই করতে প্রস্তুত ছিলেন।


