খুলনায় জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের লংমার্চ কর্মসূচি শেষে বাড়ি ফেরার পথে সাতক্ষীরার পাটকেলঘাটায় বাস দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন।
শনিবার রাতে পাটকেলঘাটা বাজার মোড়সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, লংমার্চ শেষে সাতক্ষীরাগামী বাসটি পাটকেলঘাটা বাজার মোড় অতিক্রম করছিল। এ সময় এক ব্যক্তি হঠাৎ রাস্তার সামনে চলে আসেন। চালক তাকে বাঁচানোর চেষ্টা করলে বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে যায়। এ সময় বাসচাপায় ওই পথচারীর মৃত্যু হয়।
নিহত ব্যক্তির নাম আব্দুল খালেক। তার বাড়ি পাটকেলঘাটা থানার কাশিয়াডাঙ্গা গ্রামে।
দুর্ঘটনায় বাসে থাকা জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও সমর্থকেরা আহত হন। আহতদের অধিকাংশ সাতক্ষীরার ঘোনা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন।
খবর পেয়ে ঘটনাস্থলে যান সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ, সাতক্ষীরা-২ (সদর ও দেবহাটা) আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক এবং জেলা জামায়াতের আমির অধ্যক্ষ শহিদুল ইসলাম মকুলসহ স্থানীয় নেতারা। তারা উদ্ধারকাজ তদারকি করেন এবং আহতদের চিকিৎসার খোঁজখবর নেন।
সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক জানান, বাসটিতে লংমার্চে অংশ নেওয়া আনুমানিক ৫১ থেকে ৬২ জন যাত্রী ছিলেন। আহতদের দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। বাসটি পুকুর থেকে উদ্ধারের পর এর নিচে আর কেউ চাপা পড়ে আছেন কি না, তা নিশ্চিত হওয়া যাবে।
দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারে কাজ চলছে। আহতদের চিকিৎসায় জেলা ও স্থানীয় জামায়াতের নেতারা সহযোগিতা করছেন।


