প্রতিবেশীর মারধরে যাত্রাবাড়ীতে যুবকের মৃত্যু

প্রতিবেশীর মারধরে যাত্রাবাড়ীতে যুবকের মৃত্যু
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

রাজধানীর যাত্রাবাড়ীর রায়েরবাগ এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশীর মারধরে রিফাত হোসেন (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার রাত সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে নিহত রিফাতের বাবা হাসেম মৃধা জানান, তারা রায়েরবাগ খানবাড়ি এলাকায় ভাড়া থাকেন। রিফাত একটি কার্টন কারখানায় কাজ করত। পাশাপাশি বাড়িতে ভাড়া থাকেন শাকিল (২৬) নামে এক যুবক। রাত সাড়ে ৮টার দিকে বাসার পেছনে বসে ছিল রিফাত।

এ সময় শাকিল রিফাতকে বলে, ‘কিরে, বসে বসে গাঁজা খাস নাকি?’ এই কথা শুনে শাকিলকে বকাঝকা করে রিফাত। একপর্যায়ে শাকিল রিফাতকে মারধর করে। এতে অচেতন হয়ে পড়ে সে। এরপর স্বজনরা তাকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসেম মৃধা আরও জানান, তাদের গ্রামের বাড়ি পটুয়াখালীর দশমিনা উপজেলার চানপুরা গ্রামে। রিফাত এলাকায় একটি কার্টন তৈরির কারখানায় কাজ করত।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি যাত্রাবাড়ী থানা পুলিশকে জানানো হয়েছে এবং তারা ঘটনাটি তদন্ত করছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad