এবারের দুর্গাপূজায় দেবী দুর্গার ব্যতিক্রমী রূপে ধরা দিয়েছেন অভিনেত্রী নাজিয়া হক অর্ষা। ঐতিহ্যবাহী সাজের সঙ্গে চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের সংস্কৃতি ও প্রকৃতিকে মিলিয়ে বিশেষ ফটোশুট করেছেন ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেত্রী।
ফটোশুটের ছবিগুলোতে দেবী দুর্গার প্রতীকী রূপে দেখা গেছে অর্ষাকে। পাহাড়ের নারীদের জীবনযাপন ও শক্তি থেকে অনুপ্রেরণা নিয়ে তৈরি হয়েছে ছবির এই আয়োজন।
শুক্রবার মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয়েছে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। এরপর পালিত হয়েছে মহাসপ্তমী। পাঁচ দিনের উৎসব শেষ হবে বুধবার বিজয়া দশমীর মধ্য দিয়ে।
বিনোদন অঙ্গনের তারকারা নিজেদের মতো করে দুর্গাপূজা উদ্যাপন করছেন। অর্ষা বেছে নিয়েছেন ভিন্নধর্মী আয়োজন। এতে দুর্গাপূজার পরিচিত প্রতীকী চিত্রের সঙ্গে উঠে এসেছে পাহাড়ি জনগোষ্ঠীর সংস্কৃতি।
ফটোশুটে লাল শাড়ি, বাঙালি ঐতিহ্যের টোপর ও শাঁখা-পলা হাতে দেখা গেছে অর্ষাকে। তবে ছবিগুলোর বিশেষত্ব ফুটে উঠেছে এর স্থান ও উপস্থাপনায়।
বান্দরবানের বিভিন্ন স্থানে ধারণ করা ছবিগুলোতে কখনো প্রতিমার মুখ হাতে ধরে আছেন অর্ষা, কখনো পিঠে বহন করছেন থ্রুং। পাহাড়ি জনগোষ্ঠীর মানুষের সঙ্গে আন্তরিক মুহূর্তেও দেখা গেছে তাঁকে। অন্য একটি ছবিতে ত্রিশূল হাতে শক্তিশালী ও প্রতিবাদী ভঙ্গিতে দাঁড়িয়েছেন অভিনেত্রী।
‘পাহাড়ের নারী শক্তি ও দুর্গা’ শিরোনামের এই বিশেষ ফটোশুটের পরিকল্পনা ও আয়োজন করেছে আলোকচিত্রী মোহাম্মদ নাজমুল হোসেনের প্রতিষ্ঠান ‘মিস্টার মোমেন্টওয়ালা’। প্রতিবছর দুর্গাপূজা ঘিরে এ ধরনের ফটোশুটের আয়োজন করেন তিনি। এবারের উদ্যোগে সহযোগিতা করেছে ‘সাতকাহন’।
দেবী দুর্গার প্রতীকী রূপের মাধ্যমে নারীর শক্তি তুলে ধরার পাশাপাশি পাহাড়ের নারীদের সংস্কৃতি ও দৈনন্দিন জীবনকে সামনে এনেছে এই ছবির সিরিজ।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিগুলো প্রশংসা কুড়িয়েছে। বিনোদন অঙ্গনের অনেকেই অর্ষার এই উদ্যোগের প্রশংসা করেছেন। অভিনেতা চঞ্চল চৌধুরী কাজটিকে ‘চমৎকার’ বলে মন্তব্য করেছেন। নির্মাতা চয়নিকা চৌধুরী লিখেছেন, ‘অসাধারণ সুন্দর’। অভিনেত্রী সুষমা সরকার মন্তব্য করেছেন, ‘মা দুর্গা’। শাহনাজ খুশি লিখেছেন, ‘সুন্দর’।
এই ফটোশুটের মধ্য দিয়ে দুর্গাপূজার চিরচেনা প্রতীকের সঙ্গে পাহাড়ের নারীদের শক্তিকে যুক্ত করে উৎসবের এক নতুন দৃশ্যরূপ তুলে ধরেছেন অর্ষা।


