ফরিদপুরে পদ্মার তীর থেকে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই নারীর পরনের ওড়নার সঙ্গে সিমেন্টের ব্লক ও ইট বাঁধা ছিল।
সোমবার বেলা ১১টার দিকে ফরিদপুর সদরের ডিক্রীরচর ইউনিয়নের কবিরপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে সিএন্ডবি ঘাট নৌ পুলিশ ফাঁড়ির একটি দল। এর আগে সকাল ৭টার দিকে ডিক্রীরচর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পদ্মা নদীর পাড়ে মরদেহটি দেখতে পান এলাকাবাসী। পরে নৌ পুলিশকে খবর দেওয়া হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, অর্ধগলিত মরদেহ উদ্ধার করা নারীর আনুমানিক বয়স ৩৫ বছর। ওই নারীর পরনে ম্যাক্সি ও ওড়না ছিল। তবে ওড়নার সঙ্গে সিমেন্টের ভারী ব্লকের অংশ ও ইট বাঁধা ছিল।
খবর পেয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর সদস্যরা ঘটনাস্থলে আসেন। তবে মরদেহটি পচে যাওয়ায় আঙুলের ছাপ সংগ্রহ করা সম্ভব না হওয়ায় মৃতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
খবর পেয়ে নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) তপন কুমার সাহা ঘটনাস্থলে যান। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহটি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।


