নোয়াখালীর সুবর্ণচরে এক প্রতিবন্ধী যুবতীকে ছয় মাস ধরে ধর্ষণের অভিযোগে ওমর ফারুক ওরফে ফারুক ড্রাইভার নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার সকালে ভুক্তভোগী পরিবারের অভিযোগের প্রেক্ষিতে চরজব্বর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চর ওয়াপদা ইউনিয়নের ১নং ওয়ার্ডের চর আমিনুল হক গ্রামের (পাকিস্তানের বাড়ি) বাসিন্দা রিদনের প্রতিবন্ধী মেয়েকে (২২) গত ছয় মাস ধরে নানা ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে আসছিলেন ফারুক।
আসন্ন নির্বচনকে ঘিরে ভোট চাওয়ার অজুহাতে তিনি একাধিকবার ভুক্তভোগীর বাড়িতে যাতায়াত করলে তার মায়ের মনে সন্দেহের সৃষ্টি হয়। গত শুক্রবার তিনি মেয়েকে জিজ্ঞাসাবাদ করলে, একপর্যায়ে ভুক্তভোগী যুবতী গত ছয় মাসের ঘটে যাওয়া সব নির্যাতনের কথা প্রকাশ করেন।
ঘটনাটি জানাজানি হওয়ার পর তার পরিবার পুলিশকে খবর দিলে চরজব্বর থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ভোটের প্রচারে থাকা অবস্থায় অভিযুক্ত ফারুক ড্রাইভারকে গ্রেপ্তার করে।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.লুৎফুর রহমান জানান, অভিযোগ পাওয়ার পরপরই অভিযুক্তকে আটক করা হয়েছে। ভুক্তভোগী তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে এবং এই ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে তাকে কোর্টে পাঠানো হবে।


