নারায়ণগঞ্জেপৃথক দুটি ঘটনায় দুই তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উভয় ক্ষেত্রেই প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের আশঙ্কা করছে আইনশৃঙ্খলা বাহিনী।
মঙ্গলবার সোনারগাঁ উপজেলার কাইকারটেক ব্রিজ সংলগ্ন একটি ডোবা থেকে বস্তাবন্দি অবস্থায় অজ্ঞাত এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানিয়েছেন, সকালে ডোবা থেকে দুর্গন্ধ আসলে কয়েকজন গিয়ে বস্তাটি দেখতে পান এবং পুলিশকে খবর দেন।
খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তাটি উদ্ধার করে খুললে দেখা যায়, ভেতরে এক তরুণীর মরদেহ। তার গলায় দড়ি ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া যায়।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান বলেন, ‘একটি বস্তাবন্দি মরদেহ উদ্ধারের পর প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি হত্যাকাণ্ড। মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে।’
অন্যদিকে, এদিন রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ৫ নম্বর ক্যানেলের নান্নু টেক্সটাইল মিলস সংলগ্ন এলাকা থেকে অজ্ঞাত আরেক তরুণীর (২৫) মরদেহ উদ্ধার করা হয়।
রূপগঞ্জ থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, ‘মরদেহটি উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।’


