দেশের বৃহত্তর অর্থনৈতিক উন্নয়নে নতুন প্রজন্মের উদ্যোক্তা তৈরিতে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন সংগঠনটির সভাপতি মোহাম্মদ আমিরুল হক।
বৃহস্পতিবার বেলা আড়াইটায় চট্টগ্রাম ক্লাব মিলনায়তনে ‘সিজিএস বিজনেস সামিট ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জিপিএইচ ইস্পাতের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল এবং এশিয়ান গ্রুপের পরিচালক ওয়াসিফ আহমেদ সালাম।
এ ছাড়া সিজিএস আপারের অধ্যক্ষ রুহবাইনা মাহমুদ চৌধুরী, আয়োজক আদিয়াত মাহফুজ ও সাফওয়ান সাজিদসহ অন্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সম্মেলনে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন প্রান্তের প্রায় ২০০ শিক্ষার্থী অংশ নেয়।
‘নিজের ভবিষ্যৎ গড়ো’ প্রতিপাদ্য নিয়ে তিন দিনব্যাপী এ সম্মেলনে ব্যবসায়িক ধারণা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এতে টেকসই উন্নয়ন, উদ্যোক্তা তৈরি ও ক্ষমতায়নের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
সম্মেলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ১২ জনের বেশি পরামর্শকের দিকনির্দেশনা, চারটি অভিজ্ঞতাভিত্তিক কর্মশালা এবং বিনিয়োগকারী ও উদ্যোক্তাদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ পাবে।
বিভিন্ন ব্যবসায়িক খাতে নিজেদের ধারণা উপস্থাপনের পাশাপাশি অংশগ্রহণকারীরা বাস্তবভিত্তিক ব্যবসায়িক জ্ঞান ও পরামর্শ লাভ করবে। তিন ধাপের এ প্রতিযোগিতায় মোট পুরস্কারের পরিমাণ এক লাখ টাকা।


