নওগাঁয় স্ত্রী-কন্যাকে হত্যা করে স্বামীর আত্মহত্যা

নওগাঁয় স্ত্রী-কন্যাকে হত্যা করে স্বামীর আত্মহত্যা
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

নওগাঁর আত্রাই উপজেলায় স্ত্রী ও দুই বছরের কন্যাসন্তানকে হত্যার পর এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার রাতে উপজেলার বলরামচক চৌধুরীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম রাজ সরকার জয় (৩৫)। তিনি ওই গ্রামের গৌতম সরকারের ছেলে। নিহত অন্যরা হলেন–তার স্ত্রী দৃষ্টি সরকার এবং দুই বছরের কন্যা জেনি সরকার।

আত্রাই থানা পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে রাজ সরকার, তার স্ত্রী ও মেয়েকে নিয়ে ঘুমাতে যান। রাতের কোনো এক সময় রাজ সরকার ধারালো ছুরি দিয়ে স্ত্রী ও মেয়েকে উপর্যুপরি ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে তিনি নিজেই নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।

শুক্রবার সকালে প্রতিবেশীরা তাদের ঘরের দরজা বন্ধ দেখতে পান। সন্দেহ হওয়ায় দরজা ভেঙে ভেতরে ঢুকলে ঘরের বিছানায় স্ত্রী ও কন্যাশিশুর রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন তারা। এ সময় তারা ঘরের মেঝেতে গলা কাটা অবস্থায় রাজ সরকারকে গুরুতর আহত অবস্থায় পান।

আরও পড়ুন

পরে তাকে উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

রাজ সরকারের প্রতিবেশী আনন্দ কুমার জানান, রাতে তাদের বাড়ি থেকে চিৎকারের শব্দ শোনা গিয়েছিল। সকালে তাদের ঘরের দরজা বন্ধ দেখে সন্দেহ হলে স্থানীয়রা দরজা ভেঙে ভেতরে গিয়ে এ ঘটনা দেখতে পান।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম জানান, রাজ সরকার মাদকাসক্ত ছিলেন এবং তার মানসিক সমস্যাও ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। ধারণা করা হচ্ছে, তিনি প্রথমে স্ত্রী ও সন্তানকে ছুরিকাঘাত করে হত্যা করেন। পরে নিজেই গলায় ছুরি চালিয়ে আত্মহত্যা করেন।

নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে জানিয়ে তিনি বলেন, ঘটনাটি তদন্ত করে এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান থানার ওসি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর