এএফসি নারী এশিয়ান কাপের মঞ্চে শক্তির কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হলো বাংলাদেশ দলকে। চীনের বিপক্ষে লড়াই করে হারার পর দ্বিতীয় ম্যাচে এসে উত্তর কোরিয়ার গতির কাছে এক প্রকার অসহায় আত্মসমর্পণ করতে হয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের। শুক্রবার সকালে সিডনির ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামে (কমনওয়েলথ ব্যাংক স্টেডিয়াম) গ্রুপ ‘বি’-এর ম্যাচে ৫-০ ব্যবধানে পরাজিত হয়েছে বাংলাদেশ। র্যাঙ্কিংয়ের বিশাল ব্যবধান আর উত্তর কোরিয়ার প্রেসিং ফুটবলের সামনে পুরো ম্যাচে রক্ষণ সামলাতেই হিমশিম খেয়েছেন আফঈদারা।
ম্যাচ শুরুর আগে থেকেই পরিষ্কার ছিল লড়াইটা অসম। র্যাঙ্কিংয়ে ৯ নম্বরে থাকা উত্তর কোরিয়া বনাম ১১২ নম্বর বাংলাদেশের ম্যাচে কোচ পিটার বাটলার ৫-৪-১ ফরমেশনে রক্ষণাত্মক দেয়াল গড়ে তুলেছিলেন। তবে সেই দেয়াল ভাঙতে খুব বেশি সময় নেয়নি এশিয়ার অন্যতম ফুটবল পরাশক্তিরা। ম্যাচের শুরু থেকেই এই লড়াইয়ে আধিপত্য বিস্তার করে খেলে কোরিয়ানরা।
ম্যাচের শুরু থেকেই আধিপত্য ছিল সাবেক চ্যাম্পিয়নদের। ১১ মিনিটে হান জিং হংয়ের নিশ্চিত সুযোগ নসাৎ করে দিয়ে মিলির যে প্রতিরোধ শুরু হয়েছিল, তা চলেছে ম্যাচজুড়ে। তবে বাংলাদেশের জন্য সৌভাগ্যের বরপুত্র হয়ে এসেছিল ভিএআর। ১৪ মিনিটে উত্তর কোরিয়া জালে বল পাঠালেও হ্যান্ডবলের কারণে তা বাতিল হয়। এরপর ২৬ ও ৩১ মিনিটে আরও দুবার গোল উৎসব করেও ভিএআর এবং অফসাইডের খাঁড়ায় হতাশ হতে হয়েছে কোরিয়ানদের। ৩৮ মিনিটে একবার বল বাধা পায় ক্রসবারে। তবে প্রথমার্ধের যোগ করা সময়ে সব প্রতিরোধ ভেঙে যায়। ৪৫+৬ মিনিটে অধিনায়ক আফঈদা খন্দকার বক্সে ফাউল করলে পেনাল্টি পায় কোরিয়া, যা থেকে গোল করতে ভুল করেননি মিয়ং ইউ জং। এর এক মিনিট পরেই ডিফেন্সের ভুলে কিম কিয়ং ইয়ং ব্যবধান ২-০ করেন।
দ্বিতীয়ার্ধেও খেলার চিত্রে কোনো পরিবর্তন আসেনি। পিটার বাটলার প্রথমার্ধেই তিনটি পরিবর্তন এনে স্বপ্না রানী, আনিকা ও উমহেলাকে মাঠে নামালেও মাঝমাঠের নিয়ন্ত্রণ নিতে ব্যর্থ হয় দল। ঋতুপর্ণা চাকমারা আজ বলের যোগান সেভাবে পাননি, ফলে আক্রমণভাগ ছিল একেবারেই নিষ্প্রাণ। গোলরক্ষক মিলি আক্তার বেশ কিছু অসাধারণ সেভ করলেও ৬২ ও ৬৪ মিনিটে পরপর দুই গোল হজম করে বড় হারের পথে হাঁটে বাংলাদেশ। ম্যাচের শেষ মুহূর্তে ৯০ মিনিটে কিম হায়ে ইয়ংয়ের হেডে পঞ্চম গোলটি পায় উত্তর কোরিয়া।
র্যাঙ্কিংয়ে ১১২ বনাম ৯-এর এই লড়াইয়ে ব্যবধানটা শেষ পর্যন্ত স্পষ্ট হয়েই ধরা দিল স্কোরবোর্ডে। এর আগে চীনের বিপক্ষে ২-০ গোলে হেরে এশিয়ান কাপ মিশন শুরু করেছিল বাংলাদেশ। বর্তমান চ্যাম্পিয়নদের বিরুদ্ধে সেই ম্যাচে লড়াইটা ছিল বীরত্বপূর্ণ। বিশেষ করে দ্বিতীয়ার্ধে চীন কোনো গোলই করতে পারেনি বাংলাদেশের জালে। তবে উত্তর কোরিয়ার বিপক্ষে সেই দৃঢ়তা আজ দেখা যায়নি। টানা দুই হারে কোয়ার্টার ফাইনালের পথ এখন বেশ কঠিন। তবে এখনো সম্ভাবনা টিকে আছে। ৯ মার্চ পার্থে উজবেকিস্তানের বিপক্ষে যদি বাংলাদেশ জয় তুলে নিতে পারে, তবে সেরা তৃতীয় দল হওয়ার দৌড়ে টিকে থাকতে অন্য গ্রুপের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে।


